বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
খেলাধুলা সিলেটে দ্বিতীয় টেস্ট

শুরুতেই জোড়া আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন ও হাসান

নিজস্ব প্রতিনিধি • ১২ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
শুরুতেই জোড়া আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন ও হাসান

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে শুরুতেই দারুণ ছন্দ দেখিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতে ক্যাচ মিস করলেও দ্রুত ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত ইনসুইংয়ে সাজঘরে ফেরেন ব্রেন্ডন কিং ও কাভেম হজ।

দলীয় ১৪ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ।

ক্যাচ মিসের পর তাসকিনের ব্রেকথ্রু

হাসান মাহমুদের করা ইনিংসের দ্বিতীয় ওভারে জশুয়া ডি সিলভা সেকেন্ড স্লিপে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে বল হাতে নিয়েও সেটি ধরে রাখতে পারেননি সাদমান ইসলাম। ফলে শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।

তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পঞ্চম ওভারে তাসকিন আহমেদের প্রথম বলটি ছিল ফুলার লেন্থের। বলটি মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছিলেন ব্রেন্ডন কিং। কিন্তু দারুণ ইনসুইংয়ে ব্যাটের ফাঁক গলে বল আঘাত করে তাঁর স্টাম্পে।

১৮ বলে ৯ রান করে ফেরেন কিং। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা।

হাসানের ইনসুইংয়ে বোল্ড হজ

পরের ওভারেই বাংলাদেশের সাফল্য বাড়ান হাসান মাহমুদ। ওয়ানডাউনে নামা কাভেম হজকে প্রায় একই ধরনের ইনসুইংয়ে বোল্ড করেন তিনি।

হজ প্রথমে অফ স্টাম্পের ওপর দিয়ে যাওয়া একটি ডেলিভারি ছেড়ে দেন। এক বল পর একইভাবে আরেকটি বল ছেড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু এবার বলটি স্কিড করে ভেতরে ঢুকে সরাসরি আঘাত করে মিডল স্টাম্পে।

এক রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই দুই পেসারের জোড়া আঘাতে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পায় বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp