শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
লাইফস্টাইল অতিথি কলাম

সন্দেহের আগুনে পুড়ছে ভালোবাসা!

ডাঃ সাঈদ এনাম • ১১ ঘণ্টা আগে • পঠিত: ৭ বার
সন্দেহের আগুনে পুড়ছে ভালোবাসা!
[.....ধরণীতে পুরুষ মানুষ দুজন মানুষকে হারিয়ে হাউমাউ করে অঝোরে কাঁদে। একজন তার মা, আর অন্যজন তার স্ত্রী। একজন যিনি তাকে পৃথিবীর আলো দেখান, আর অন্যজন যিনি তার জীবনকে ভালোবাসার আলোয় আলোকিত করেন]

রোগীর শ্যালক বললেন,

: আমার দুলাভাই রাতে একফোঁটাও ঘুমান না। মাঝেমধ্যে গভীর রাতে হুট করে দৌড় দেন। চোর ধরতে যান!

রাতে হুটহাট চোর ধরার বিষয়টি উপসর্গ হিসেবে শুনে একটু নড়েচড়ে বসলাম,

:কী ব্যাপার! রোগীকে জিজ্ঞেস করলাম,

: চোরকে দেখতে পান, নাকি শুধু পায়ের শব্দ শুনেই ধাওয়া করেন?

রোগী ফিসফিস করে বললেন,

: স্যার, পরে বলব। আগে আমার শালাকে একটু চেম্বারের বাইরে যেতে বলেন।

আমি ইশারা করলাম। সাথে আসা শ্যালক বাবু বাইরে ওয়েটিং রুমে অপেক্ষা করতে গেলেন।

কিছুক্ষণ নীরব থাকার পর রোগী আবার ফিসফিস করে বললেন,

: স্যার, আমার স্ত্রী ভালো না। পরপুরুষের দিকে নজর বেশি। আর ওই পুরুষটাও একটা বদের হাড্ডি! রাত হলেই আসে। উঁকিঝুঁকি দেয়। আমি কি আর কম চালাক? হাতে দা নিয়ে ঘুমের ভান করে পড়ে থাকি। যেই খটখট শব্দ পাই, অমনি দা নিয়ে দাবড়ানি দিই!

: শুধু শব্দ শুনতে পান, নাকি লোকটাকে দেখতেও পান?

: একবার দেখছি।

: তাই নাকি? দেখতে কেমন?

রোগী একটু থেমে বললেন,

: স্যার, ঠিকমতো ঠাহর করতে পারি না। পরিচিত পরিচিত লাগে। মনে হয় আমার স্ত্রীর প্রাক্তন প্রেমিক। যদি কোনো দিন হাতে পাই, দা দিয়ে কুপিয়ে শেষ করে দেব!

জানতে চাইলাম,

: কানে কি কখনো এমন কোনো আওয়াজ শুনতে পান, যা অন্য কেউ শুনতে পায় না? কেউ কি ডাকাডাকি করে?

: না স্যার। তবে মাঝেমধ্যে মনে হয়, ওই হতচ্ছাড়া বদমাশটা বুঝি চুপিচুপি আমার বউকে ডাকে। হা হা! ডাকলে কী হবে? আমি তো দা নিয়ে রেডি থাকি। ভয়ে হতচ্ছাড়াটা কেবল দূর থেকেই ডাকে!

: আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন?

এমন প্রশ্নে রোগী নিশ্চুপ হয়ে গেলেন।

তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বললেন,

: স্যার, মাঝেমধ্যে আমার নিজেরই মনে হয়, আমার বউটা খুব ভালো, লক্ষ্মী। কোনো দিন তো কিছু প্রমাণ পাইনি, হাতেনাতে ধরতেও পারিনি। কিন্তু তারপরও কেন জানি খালি সন্দেহ হয়। স্যার, আমি আমার বউকে খুব ভালোবাসি। সে আমার কলিজার টুকরা! সে ছাড়া আমার কেউ নাই। সে মইরা গেলে আমিও মইরা যামু।

এরপর আর কথা বলতে পারলেন না। শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন অনেক ক্ষন।

একজন মানুষের সন্দেহ যখন ভালোবাসাকে গ্রাস করে, তখন তার নিজের মনও যে কতটা যন্ত্রণায় পুড়তে পারে, এই মানুষটির কান্না যেন তারই প্রমাণ।

সাইকিয়াট্রিতে এ ধরনের অস্বাভাবিক, দৃঢ় ও অমূলক দাম্পত্য অবিশ্বস্ততার সন্দেহকে বলা হয় Othello Syndrome বা Morbid Jealousy। কখনো এটি Delusional Disorder-এর রূপ নিতে পারে। আবার বিভিন্ন মানসিক ও স্নায়বিক রোগের সঙ্গেও এমন উপসর্গ দেখা যেতে পারে।

এটি নিছক সন্দেহপ্রবণতা বা দাম্পত্য কলহ নয়। এর সঙ্গে আত্মহত্যা, সঙ্গীর প্রতি সহিংসতা কিংবা হত্যার ঝুঁকিও জড়িয়ে থাকতে পারে। তাই দ্রুত দূর্ঘটনা এড়াতে দ্রুত সাইকিয়াট্রিস্ট এর মূল্যায়ন ও চিকিৎসা প্রয়োজন।

ভালোবাসা যখন সন্দেহের কাছে পরাজিত হয়, তখন শুধু একটি সম্পর্ক নয়, কখনো কখনো দুটি জীবনও বিপন্ন হয়ে পড়ে।

সম্ভবত এ ধরণীতে পুরুষ মানুষ দুজন মানুষকে হারিয়ে হাউমাউ করে অঝোরে কাঁদে। একজন তার মা, আর অন্যজন তার স্ত্রী। একজন যিনি তাকে পৃথিবীর আলো দেখান, আর অন্যজন যিনি তার জীবনকে ভালোবাসার আলোয় আলোকিত করেন।

লেখক - সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রি 
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp