হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের দক্ষিণাঞ্চলীয় পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরির ঘটনায় মামলা হওয়ার ৪৮ ঘণ্টা পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে আসামি করে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ৪ নভেম্বর রাতে উপজেলার রতনপুর ডাক্তারবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ চুরির ঘটনা ঘটে। শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত এ ঘটনায় কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
পাইপলাইন ছিদ্র করে হোসপাইপে তেল সরানোর প্রমাণ
পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর রাত ১টার দিকে রতনপুর ডাক্তারবাড়ি এলাকার একটি গেটের পাশে পাইপলাইন ছিদ্র করে কনডেনসেট চুরির বিষয়টি জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের নজরে আসে। ওই সময় পাইপলাইনের কাছে পাঁচ-ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে তাঁরা সরে যাওয়ার চেষ্টা করেন।
পরে পাইপলাইন পরীক্ষা করে ছিদ্রের অস্তিত্ব পাওয়া যায়। অতিরিক্ত হোসপাইপ ব্যবহার করে সেখান থেকে কনডেনসেট বের করার আলামতও মেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জিটিসিএলের পক্ষ থেকে মাধবপুর থানায় মামলা করা হয়। মামলায় নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও রতনপুর গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে।
জিটিসিএলের উপব্যবস্থাপক জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ ইতিমধ্যে মেরামত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আগেও একাধিকবার চুরির ঘটনা
সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাতীয় গুরুত্বপূর্ণ এই পাইপলাইন থেকে অতীতেও একাধিকবার তেল চুরি হয়েছে। গত কয়েক বছরে রঘুনন্দন, রতনপুর জামতলা, নারায়ণপুর, সাতবর্গ, বোয়ালিয়া ও শাহপুর ফরেস্ট অফিসসহ বিভিন্ন নির্জন এলাকায় পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় সংঘবদ্ধ একটি চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাহাড়, হাওর ও বিলের মধ্য দিয়ে পাইপলাইন বিস্তৃত হওয়ায় বিশেষ করে শুকনো মৌসুমে চোরচক্রের তৎপরতা বাড়ে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
পাইপলাইনের পাশে গ্যাসের লাইন, বড় দুর্ঘটনার আশঙ্কা
জিটিসিএলের নিরাপত্তাকর্মী শামসু মিয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজের সময় রতনপুর ডাক্তারবাড়ি এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার সময় তেলের পাইপটি বেরিয়ে আসে। তাঁদের ধারণা, এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা পাইপলাইন ছিদ্র করে কনডেনসেট চুরি করেছে। ঘটনার রাতে তেলের গন্ধ পেয়ে তাঁরা চুরির বিষয়টি শনাক্ত করেন।
তিনি আরও জানান, পাইপলাইন থেকে প্রায় ১৫০ গজ দূরে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ি। পাইপলাইনের পাশেই গ্যাসের লাইন থাকায় সেখানে ছিদ্র করার ঘটনায় আগুন লাগলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এতে তেল ও গ্যাস সরবরাহব্যবস্থারও ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল।
মামলার বাদী জাহেদ হোসেন বলেন, সিলেটের বিভিন্ন গ্যাসক্ষেত্রে উৎপাদিত কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে আশুগঞ্জের কনডেনসেট স্থাপনায় নেওয়া হয়। তাঁর অভিযোগ, সংঘবদ্ধ চক্র মাটির নিচে গর্ত করে লোহার পাইপ কেটে নতুন পাইপ সংযোগের মাধ্যমে কনডেনসেট চুরি করেছে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন ও তাঁর লোকজন জড়িত বলে অভিযোগ করে মামলা করা হয়েছে।
জিটিসিএলের জিএম ও নিরাপত্তা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, উত্তর-দক্ষিণ জাতীয় তেল পাইপলাইন দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। স্থানীয় লোকজনকে দিয়ে এর নিরাপত্তায় কাজ করা হচ্ছে। তারপরও একটি চক্র সুযোগ পেলেই পাইপলাইন কেটে তেল চুরির চেষ্টা করছে। গত ৪ নভেম্বর রাতেও অত্যন্ত কৌশলে চুরির ঘটনা ঘটানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সামসু উদ্দিন চৌধুরী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।