দীর্ঘ ৩৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জি কে গউছ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
যুক্তরাষ্ট্র সফরকালে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন জি কে গউছ। এসব আলোচনায় বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয় উঠে আসে।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
জি কে গউছ বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁদের অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগ দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। তাই নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন।
দেশে বিনিয়োগের পরিবেশ ও প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে হুইপ বলেন, প্রবাসীরা যাতে অসাধু ব্যক্তিদের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার নজর রাখছে। নিরাপদ বিনিয়োগ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সফরকালে প্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে যাত্রী হয়রানির বিষয়টি তাঁর কাছে তুলে ধরেন। জবাবে জি কে গউছ বলেন, আগের সরকারের আমলে দায়িত্বে থাকা কিছু ব্যক্তি এখনো বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে তিনি উল্লেখ করেন।
যাত্রীসেবার মান বাড়াতে সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে জি কে গউছকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জবাসী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি ও ক্যালিফোর্নিয়া স্টেট বিএনপি উল্লেখযোগ্য।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতারাও তাঁকে অভ্যর্থনা জানান।
## ২৯ অক্টোবর হবিগঞ্জ যাওয়ার কথা
আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার জি কে গউছের হবিগঞ্জে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।