ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ইমামরা সমাজের গুরুত্বপূর্ণ নেতা। তাঁরা মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করেন। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক ইমামকে স্বাভাবিক জীবনযাপন করতে সমস্যায় পড়তে হয়। এই অবস্থার পরিবর্তনে সরকার কাজ করছে।
শনিবার (৭ নভেম্বর) সিলেট নগরের নাইওরপুল এলাকার একটি হোটেলে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজে সম্প্রীতি ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান
‘সামাজিক সম্প্রীতি, সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এ সম্মেলনে সিলেট জেলার প্রায় আড়াই শতাধিক ইমাম অংশ নেন।
সমিতির জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, শাহজালাল ডি ওয়াই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবুসালেহ মো. কুতুবুল আলম এবং বিএনপি সিলেট মহানগর শাখার সভাপতি নাসিম হোসাইন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম।
তিন বছরের জন্য নতুন কমিটি পুনর্নির্বাচিত
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা শাখার নেতৃত্ব পুনর্নির্বাচিত করা হয়।
এতে সভাপতি হিসেবে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা আবুল বাশার পুনর্নির্বাচিত হন।