সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকায় নিজ বাসার বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
বাথরুমে পড়ে ছিল মরদেহ
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন নুরুল ইসলাম। তাঁর মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। তিনি ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপকমিশনার মো. আফজাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে।