সিলেটগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর মুঠোফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্প এলাকা থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
আহত যুবকের নাম মো. রাজু মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মুঠোফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ
পুলিশ জানায়, রাজুর মৌখিক অভিযোগ অনুযায়ী, তিনি ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি লাউয়াছড়ার বাঘমারা বন ক্যাম্প এলাকায় পৌঁছালে ছাদে থাকা দুই ব্যক্তি তাঁর মুঠোফোন ও সঙ্গে থাকা ব্যাগ নিয়ে নেন। পরে তাঁকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এতে রাজু গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাঁকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছিনতাই নাকি দুর্ঘটনা, তদন্ত করছে পুলিশ
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি ট্রেন ও রেললাইনের আওতাধীন এলাকায় ঘটেছে। এ কারণে আহত যুবককে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম. কামাল হোসেইন জানান, ট্রেনের ছাদ থেকে পড়ে যাওয়া এক যাত্রীর খবর তাঁরা পেয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাটি ছিনতাই, নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।