বিদেশে অবস্থান করেও এখন থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানিতে অংশ নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের অভিযোগ, সমস্যা, আবেদন ও মতামত সরাসরি শোনার সুযোগ তৈরি করতে জুম (Zoom) প্ল্যাটফর্মে অনলাইনে যুক্ত হওয়ার ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসন, সুনামগঞ্জের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতি বুধবার অনুষ্ঠিত হয় গণশুনানি
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও মতামত শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণশুনানির আয়োজন করা হয়। এত দিন সরাসরি উপস্থিত হয়ে এই শুনানিতে অংশ নেওয়ার সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় দেশের বাইরে থাকা প্রবাসীরাও অনলাইনে যুক্ত হয়ে তাঁদের বক্তব্য তুলে ধরতে পারবেন।
এ উদ্যোগের ফলে প্রবাসীরা বিদেশে বসেই নিজেদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি জেলা প্রশাসনের কাছে জানাতে পারবেন। প্রশাসনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভৌগোলিক দূরত্বও আর বাধা হয়ে থাকবে না।
যেভাবে যুক্ত হবেন প্রবাসীরা
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে গণশুনানিতে অংশ নেওয়ার জন্য জুম মিটিংয়ের আইডি ও পাসকোড দেওয়া হয়েছে।
জুম মিটিং আইডি: ৬০২ ২৬১ ৭৯৯১
পাসকোড: ১২৩৪৫৬
প্রতি বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরাসরি উপস্থিত হয়ে অথবা নির্ধারিত জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে গণশুনানিতে অংশ নেওয়া যাবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনবান্ধব, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রশাসনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।