সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী প্রবাসীদের আশ্রয়, পরিবহন কিংবা কাজে নিয়োগ দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে নাগরিক ও প্রবাসীদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধভাবে বসবাসকারী বা শ্রম আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের আশ্রয় দেওয়া, এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা কিংবা কোনোভাবে সহযোগিতা করা শাস্তিযোগ্য অপরাধ। অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসীদের ক্ষেত্রে হতে পারে বহিষ্কার
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে। অভিযুক্ত ব্যক্তি বিদেশি নাগরিক হলে কারাভোগের পর তাঁকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও নেওয়া হতে পারে।
এ অবস্থায় সৌদি আরবে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের দেশটির আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
তথ্য জানাতে ৯১১ ও ৯৯৯ নম্বরে যোগাযোগ
আইন লঙ্ঘনের কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা এ ধরনের তথ্য জানাতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে পারবেন। সৌদি আরবের অন্যান্য অঞ্চলের জন্য নির্ধারিত নম্বর ৯৯৯।
কর্তৃপক্ষের ভাষ্য, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের অনিয়মের তথ্য পেলে নির্ধারিত নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।