বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ প্রবাসে দুর্ঘটনা | নওগাঁ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে

ডেস্ক রিপোর্ট • ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ রাত • পঠিত: ৬৬ বার
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি শ্রমিকের মরদেহ দীর্ঘ আড়াই মাস পর দেশে ফিরিয়ে আনা হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর তাঁদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পাঠানো বিজ্ঞপ্তির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

রিয়াদের কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশি

গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাঁদের মধ্যে ১২ জনের বাড়ি নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট সাতজনের মরদেহ দেশে আনা হয়।

বাকি পাঁচজনের পরিচয় শনাক্ত করতে জটিলতা দেখা দেওয়ায় তাঁদের মরদেহ সৌদি আরবের হিমঘরে সংরক্ষণ করা হয়েছিল। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত পাঁচ শ্রমিকের পরিচয়

দেশে ফিরতে যাওয়া পাঁচ শ্রমিক হলেন—নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্য বোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের সাগর আলী।

ঋণের বোঝায় বিপর্যস্ত সাগরের পরিবার

সাগর আলীর মৃত্যুর পর তাঁর পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। পরিবারের উপার্জন বাড়ানোর আশায় মাত্র ছয় মাস আগে সাড়ে ছয় লাখ টাকা ঋণ করে স্বামীকে সৌদি আরবে পাঠিয়েছিলেন স্ত্রী পারভীন খাতুন। ঋণের অর্থ জোগাড় করতে পরিবারের একমাত্র সম্বল ভিটাবাড়িটিও মহাজনের কাছে বন্ধক রাখতে হয়েছে।

স্বামীর মৃত্যুর পর ঋণ পরিশোধের চাপ ও পাওনাদারদের তাগাদায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

সরকারি সহায়তার উদ্যোগ

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষা শেষ হওয়ার পর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp