বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ

সংযুক্ত আরব আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

শাহাবুদ্দিন খালেদ • ২৩ ঘণ্টা আগে • পঠিত: ৪২ বার
সংযুক্ত আরব আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। নিহতরা হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বায়েজিদ রায়হান (২৭) এবং চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)।

পুলিশ ও প্রবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় পণ্য সরবরাহের কাজ করছিলেন বায়েজিদ রায়হান। এ সময় তার চালিত ডেলিভারি মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাঁচ বছর আগে জীবিকার সন্ধানে তিনি সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান।

এর আগের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শারজার আল খোয়াজামিয়া শিল্প এলাকায় পৃথক আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান সাইফুদ্দিন সিকদার মহসিন।

জানা গেছে, পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার পথে পেছন থেকে একটি লরি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মহসিন গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে আল কাসিমি হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহসিনের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, দুর্ঘটনায় মহসিনের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। মাত্র দুই বছর আগে জীবিকার তাগিদে তিনি সংযুক্ত আরব আমিরাতে যান। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে।

দুই প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp