ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।
শ্রমিকদের অবরোধে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা। সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।
১২ হাজার ৫০০ টাকায় সংসার চালানো কঠিন
আন্দোলনরত শ্রমিকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে সাড়ে ১২ হাজার টাকা বেতনে সংসারের খরচ মেটানো সম্ভব হচ্ছে না বলে দাবি তাঁদের।
এ পরিস্থিতিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেআইনিভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অযৌক্তিকভাবে ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান তাঁরা।
কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান
পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পর তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন এবং অবরোধ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।