বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ নিউইয়র্কে পুলিশের সঙ্গে গোলাগুলি

ব্রঙ্কসে ডেলির সামনে পুলিশের গুলিতে আহত ৪৯ বছর বয়সী ব্যক্তি

সময়ের আয়না রিপোর্ট • ৬ ঘণ্টা আগে • পঠিত: ২২ বার
ব্রঙ্কসে ডেলির সামনে পুলিশের গুলিতে আহত ৪৯ বছর বয়সী ব্যক্তি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় ভিক্টর সোতো (৪৯) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) বিকেলে ফোর্ডহাম এলাকার ১৯৪তম স্ট্রিট ও বেইনব্রিজ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি ডেলির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, বিকেল প্রায় ৩টা ২০ মিনিটে স্যামি ডেলির সামনে ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দিয়ে দোকানের কাচে আঘাত করতে দেখেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশের দিকে বন্দুক তাক করার অভিযোগ

পুলিশের ভাষ্য অনুযায়ী, কর্মকর্তারা গাড়ি থেকে নেমে ভিক্টর সোতোকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন। তবে তিনি নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তাদের দিকে বন্দুক তাক করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ভিক্টর সোর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ।

ডেলির কর্মচারী ও ক্রেতাদের হুমকির অভিযোগ

পুলিশের দাবি, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি ডেলির ভেতরে থাকা কর্মচারী ও ক্রেতাদের হুমকি দিয়েছিলেন। তিনি বন্দুক লোড করে তাঁদের দিকে তাক করলেও গুলি চালাননি। পরে পুলিশ পৌঁছালে পরিস্থিতির অবনতি হয় এবং দোকানের ভেতরে থাকা লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নেন।

এনওয়াইপিডির সহকারী প্রধান আনিউডি কাস্তিয়ো জানান, ঘটনার পুরো দৃশ্য পুলিশের বডি ক্যামেরা এবং ডেলির ভেতরে ও বাইরের নজরদারি ক্যামেরায় ধারণ করা হয়েছে।

আগেও আটবার গ্রেপ্তারের তথ্য

পুলিশ জানিয়েছে, ভিক্টর সোতোর বিরুদ্ধে এর আগে আটবার গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। এসব ঘটনার মধ্যে একাধিক হামলা এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও রয়েছে।

গুলিবিদ্ধ সোতোকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। তবে সোমবার রাত পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।

ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। পুরো ঘটনা তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ বিভাগ।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp