বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ কুষ্টিয়ায় সংসদ সদস্যের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড

এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট • ১২ ঘণ্টা আগে • পঠিত: ৪ বার
এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ আগুন লাগে। দলটির নেতাদের অভিযোগ, বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দুটি ছাগল মারা গেছে। ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিবারের কেউ হতাহত হননি

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, নুসরাত তাবাসসুমের মা-বাবা অগ্নিকাণ্ডের বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। ওই ভবনে আগুন ছড়ায়নি। সংসদ সদস্যের পরিবারের কোনো সদস্য হতাহত বা দগ্ধ হননি।

পেট্রলবোমা হামলার অভিযোগ নুসরাতের

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম আগুনকে পেট্রলবোমা হামলা বলে উল্লেখ করেন। তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।”

এনসিপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও দেওয়া এক পোস্টে এ হামলার জন্য ‘আওয়ামী সন্ত্রাসীদের’ দায়ী করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও পৃথক ফেসবুক পোস্টে ঘটনার নিন্দা জানিয়েছেন।

আগুনের কারণ তদন্ত করছে পুলিশ

নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও পুলিশের দল কাজ করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp