রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নগরজুড়ে সতর্কতামূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর বিশেষ নজর রাখছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সড়কে চলাচলকারী যানবাহনের সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম বাড়ানো হয়েছে।
ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রও যাচাই করছেন পুলিশ সদস্যরা।
ছিনতাই-চুরি প্রতিরোধেও বাড়তি নজরদারি
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।
ডিসি আকতার হোসেন জানান, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সড়কে চলাচলকারী যানবাহন ও চালকদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জননিরাপত্তা বজায় রাখতে ডিএমপি সব সময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নগরবাসীর জীবন, সম্পদ ও যানবাহনের সুরক্ষায় পুলিশের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।