মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ

‘আমরা রাজপথে আছি, রাজপথেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে’: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট • ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ রাত • পঠিত: ৩২ বার
‘আমরা রাজপথে আছি, রাজপথেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে’: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সরকারদলীয় সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’ তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী নিজে কোনো মন্তব্য করেননি।
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর
সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি, প্রচলিত আইন, বিধিবিধান ও রীতি অনুসরণ করেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নতুন পাসপোর্টের আবেদন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ এবং সাজা ভোগ করার কথাও বলেন তিনি।
সংসদীয় সভায় উন্নয়ন, জ্বালানি ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা
বিএনপির সংসদীয় দলের বৈঠকে সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তাঁদের নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন শেখ হাসিনা
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত এটিই তাঁর প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: তারেক রহমান, শেখ হাসিনা, সালাহউদ্দিন আহমদ