সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা জোরদারে অবকাঠামো সম্প্রসারণ

২০২৭ সালের মধ্যে ৯০ দিনের জ্বালানি মজুদ গড়তে চায় বিপিসি

ডেস্ক রিপোর্ট • ১৫ ঘণ্টা আগে • পঠিত: ৬ বার
২০২৭ সালের মধ্যে ৯০ দিনের জ্বালানি মজুদ গড়তে চায় বিপিসি
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত জ্বালানি তেলের মজুদ সক্ষমতা ৬০ দিন থেকে বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে ৯০ দিনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, নতুন ডিপো ও ট্যাংক নির্মাণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত মজুদ সুবিধা ব্যবহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

রোববার বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মজুদ সক্ষমতা ৭১ দিনে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এরপর ২০২৭ সালের মধ্যে তা ৯০ দিনে নেওয়া হবে।

তিনি জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং দেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতেই পর্যায়ক্রমে এ সক্ষমতা বাড়ানো হচ্ছে।

মজুদ বাড়াতে একাধিক উদ্যোগ

বিপিসি চেয়ারম্যান বলেন, নিজস্ব সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, নতুন ডিপো নির্মাণ, অব্যবহৃত ট্যাংক সংস্কার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অতিরিক্ত ধারণক্ষমতা ভাড়ায় নেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বিপিসির পরিকল্পনা অনুযায়ী, বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর ৮২ হাজার ২০০ টন ধারণক্ষমতার জ্বালানি সংরক্ষণ অবকাঠামো সংস্কার করে পুনরায় চালু করা হবে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ওমেরার কাছ থেকে ৩০ হাজার টন ধারণক্ষমতার মজুদ সুবিধা ভাড়ায় নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তিন তেল কোম্পানিতে নতুন ট্যাংক নির্মাণ

বিপিসির আওতাধীন পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের খালি জায়গায় নতুন ডিপো ও ট্যাংক নির্মাণের প্রকল্প চলমান রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, পদ্মা অয়েলে ৯ হাজার ৫০০ টন ধারণক্ষমতার দুটি ট্যাংক, মেঘনা পেট্রোলিয়ামে ১০ হাজার টন ধারণক্ষমতার তিনটি ট্যাংক এবং যমুনা অয়েলে ৫৮ হাজার ৫০০ টন ধারণক্ষমতার নতুন সংরক্ষণ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বৃত্ত মজুদ সক্ষমতা ভাড়ায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো নিজস্ব ট্যাংক নির্মাণ বা সংস্কার করলে জাতীয় পর্যায়ে জ্বালানি সংরক্ষণের সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছে বিপিসি।

দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা ৮৪ লাখ টনের বেশি

জ্বালানি বিভাগের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সালে দেশে সব ধরনের জ্বালানি তেলের মোট চাহিদা ৮৪ লাখ ২৬ হাজার ৪০০ মেট্রিক টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ৪৪ লাখ ৭৩ হাজার টন। এ জ্বালানির মাসিক গড় চাহিদা ৩ লাখ ৭২ হাজার ৭৫০ টন।

এ ছাড়া বছরে ফার্নেস অয়েলের চাহিদা ৭ লাখ ৩৫ হাজার টন, জেট ফুয়েলের ৬ লাখ ৬৩ হাজার টন, অকটেনের ৪ লাখ ৩৯ হাজার ৯০০ টন এবং পেট্রোলের ৪ লাখ ৮৮ হাজার ৫০০ টন।

বর্তমান মজুদ সক্ষমতা কত

বিপিসির তথ্য অনুযায়ী, সংস্থাটির আওতাধীন পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলসহ ছয়টি প্রতিষ্ঠানের মোট জ্বালানি তেল সংরক্ষণ সক্ষমতা ১৫ লাখ ৪৪ হাজার ৬৬ টন। এর মধ্যে ৬৭ হাজার ৬৩২ টন ধারণক্ষমতার অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে।

বিপিসির নিজস্ব সক্ষমতায় বর্তমানে ডিজেল ৫৭ দিন, অকটেন ৪৬ দিন, পেট্রোল ২৯ দিন এবং ফার্নেস অয়েল ৭৮ দিনের চাহিদার সমপরিমাণ মজুদ রাখা সম্ভব।

তবে সামগ্রিক কৌশলগত জ্বালানি তেলের মজুদ সক্ষমতা ৯০ দিনে উন্নীত করতে চায় সংস্থাটি। বর্তমানে দেশে ৬০ দিনের বেশি জ্বালানি তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে বলে বিপিসি জানিয়েছে।

জাতীয় জ্বালানি নীতিতে ৬০ দিনের মজুদের বিধান

জাতীয় জ্বালানি নীতি-১৯৯৬ অনুযায়ী, দেশে ৬০ দিনের কৌশলগত জ্বালানি তেল মজুদ রাখার বিধান রয়েছে। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনসহ (বিআরটিসি) বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য আলাদা জ্বালানি সংরক্ষণ সক্ষমতা রয়েছে।

এসব প্রতিষ্ঠানের কাছে ১ লাখ ৪২ হাজার ২৯৮ টন ডিজেল এবং ১ লাখ ৭৮ হাজার ৪০০ টন ফার্নেস অয়েল মজুদের সক্ষমতা রয়েছে।

জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলা এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখতে মজুদ সক্ষমতা বাড়ানোর উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp