সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আজ ৬ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত বোয়েসেলের বিজ্ঞপ্তিতে নিয়োগের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
আবেদনকারীদের যোগ্যতা ও চাকরির শর্ত
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির মেয়াদ তিন বছর। কর্মীদের সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।
মূল বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করতে পারবেন।
আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
লটারিতে প্রাথমিক বাছাই, চূড়ান্ত হবেন ১১২ জন
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে।
কোনো পর্যায়ে টাকা দিতে হবে না
বোয়েসেল জানিয়েছে, এ নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই প্রার্থীদের অভিবাসন বা নিয়োগসংক্রান্ত কোনো অর্থ ব্যয় করতে হবে না। তাই প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।