সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সিলেটের খবর আগাম শুকিয়ে যাচ্ছে হাওরের পানি

বোরো মৌসুমের আগেই জমিতে ফাটল, সেচ সংকটে শাল্লার কৃষক

ডেস্ক রিপোর্ট • ১৫ ঘণ্টা আগে • পঠিত: ৮ বার
বোরো মৌসুমের আগেই জমিতে ফাটল, সেচ সংকটে শাল্লার কৃষক
বোরো আবাদ শুরুর আগেই শুকিয়ে গেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিভিন্ন হাওর, খাল-বিল ও জলাশয়ের পানি। অনেক কৃষিজমিতে দেখা দিয়েছে বড় বড় ফাটল। মৌসুমের শুরুতেই সেচের পানির সংকট তৈরি হওয়ায় এবার বোরো উৎপাদন নিয়ে উদ্বেগে রয়েছেন উপজেলার হাজারো কৃষক।

কৃষকদের আশঙ্কা, দ্রুত সেচের পানির ব্যবস্থা করা না হলে ব্যাহত হতে পারে বোরো আবাদ। বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করতে হলে উৎপাদন খরচও বেড়ে যাবে। এমনকি কোথাও কোথাও পানির অভাবে জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন হাওরের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত এ সময়ে হাওর ও আশপাশের খাল-বিলে পানি থাকার কথা থাকলেও এবার আগেভাগেই অনেক জলাশয় শুকিয়ে গেছে। ফলে বোরো জমিতে সেচ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সার ও বীজের বাড়তি দামের সঙ্গে সেচের খরচ যুক্ত হলে আর্থিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন কৃষকেরা।

শুকনো জমিতে ফাটল, পানি নেই খাল-বিলেও

সরেজমিনে উপজেলার ভান্ডাবিল, ভেড়াডহর, ভরাম হাওরের একাংশ, ছায়ার হাওর ও কালিয়ারকোটা হাওরের একাংশ ঘুরে দেখা গেছে, অনেক জমির মাটি শুকিয়ে ফেটে গেছে। খাল-বিল ও ছোট জলাশয়েও পর্যাপ্ত পানি নেই।

ছায়ার হাওরের শ্রীহাইল গ্রামের কৃষক সুকেল মিয়া বলেন, এমন পরিস্থিতিতে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। সার ও বীজের দাম বেশি হওয়ায় এমনিতেই উৎপাদন খরচ বেড়েছে। এর মধ্যে জমিতে ফাটল দেখা দেওয়ায় প্রয়োজনীয় সেচের পানি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের কৃষকদের পক্ষে বাড়তি খরচ বহন করা কঠিন। প্রয়োজনীয় পানি না পেলে ফসল উৎপাদন ব্যাহত হবে।

গত বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন শঙ্কা

ভান্ডাবিল হাওরের নারকিলা গ্রামের কৃষক অজয় দাস জানান, গত বছর ১০ কেয়ার জমিতে বোরো আবাদ করেছিলেন তিনি। অতিবৃষ্টিজনিত বন্যায় তাঁর সব ফসল তলিয়ে যায়। সে সময় সরকারি কোনো সহায়তাও পাননি বলে দাবি করেন তিনি।

এবারও জমিতে পানি না থাকায় নতুন করে বিপাকে পড়েছেন এই কৃষক। তাঁর মতে, খাল-বিল ও ছোট নদীনালা খনন করে সরকারি উদ্যোগে সেচের ব্যবস্থা করা না হলে তাঁর মতো অনেক কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

ভরাম হাওরের কৃষক ইন্দ্রজিৎ দাস বলেন, গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত জমিগুলো এবার বোরো মৌসুম শুরুর আগেই শুকিয়ে ফেটে গেছে। কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি এবার সেচের জন্যও বাড়তি অর্থ খরচ করতে হতে পারে।

তিনি দ্রুত সেচের পানির ব্যবস্থা করার পাশাপাশি খাল-বিল ও জলাশয় সংরক্ষণ এবং পুনঃখননের উদ্যোগ নেওয়ার দাবি জানান।

পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কৃষি বিভাগ

শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় বলেন, এ বছর মাঠের পরিস্থিতি ভালো নয়। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আগাম পানি শুকিয়ে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের শাল্লার দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তা ওবায়দুল হক জানান, হাওরের পানি যাতে আগেভাগে নেমে না যায়, সে জন্য উপজেলার সব স্লুইসগেট বন্ধ রাখা হয়েছে।

তবে বোরো জমি আগাম শুকিয়ে যাওয়ার বিষয়টিও তাঁদের নজরে রয়েছে বলে জানান তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp