রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

বাংলাদেশি জাতীয়তাবাদ জাতীয় ঐক্য ও আত্মপরিচয়ের দর্শন: মিফতাহ সিদ্দিকী

সিলেট প্রতিনিধি • ১১ ঘণ্টা আগে • পঠিত: ৫৬ বার
বাংলাদেশি জাতীয়তাবাদ জাতীয় ঐক্য ও আত্মপরিচয়ের দর্শন: মিফতাহ সিদ্দিকী
বাংলাদেশি জাতীয়তাবাদকে দেশের মানুষের আত্মপরিচয়, স্বাধীন সত্তা, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যের দর্শন হিসেবে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী। তাঁর মতে, এই দর্শনের মূল ভিত্তি হলো সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে স্থান দেওয়া।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জিয়া পরিবারের ত্যাগ ও রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরেন

মিফতাহ সিদ্দিকী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের মানুষের নিজস্ব পরিচয় ও জাতীয় সংহতির একটি স্বতন্ত্র দর্শন। এই দর্শনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন সত্তা, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জিয়া পরিবারের ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের ইতিহাস বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন সংকটময় সময়ে সাহস ও প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর দেশপ্রেম, সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন মিফতাহ সিদ্দিকী।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান

৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্র ও রাজনৈতিক অনিশ্চয়তার পরিস্থিতি অতিক্রম করে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসেন। তাঁর ভাষায়, দিনটি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা থেকে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক এবং সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মইনুল ইসলাম ও লুৎফুর রহমান, সাবেক ছাত্রনেতা রওশন তালুকদার, কবি শান্তা কামালী, কবি কাওসার আরা বিথী, কবি নিশাত ফাতেমা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম আহমদ সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল আহমদ ও কাওসার আহমদ রকি।

এ ছাড়া উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আমির হোসেন সোহাগ, কবি সুয়েজ হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রিয়দর্শন দত্ত পাভেল, আরিফ হোসেন জাকির, রিপন মিয়া, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, কবি জালাল ও সাংবাদিক রেজওয়ান আহমদ।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp