রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সিলেটের খবর ইউনিয়ন পুনর্বহালের দাবিতে অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট • ১৪ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি গ্রামকে আগের মতো বাসুদেব ইউনিয়নে ফিরিয়ে নেওয়ার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এ অবরোধে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

রোববার সকাল ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয় গ্রামের বাসিন্দারা তিতাস সেতু ও কোড্ডা কেবিন এলাকায় সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে।

অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচল বিঘ্নিত হয়।

ভারতগামী সড়কেও যান চলাচল বন্ধ

রেলপথের পাশাপাশি সুলতানপুর-চিনাইর-আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে ভারতগামী যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। অনেককে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়।

ছয় গ্রাম আগের ইউনিয়নে ফেরানোর দাবি

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন শিপন, আব্দুল বাছির ও মামুন পাঠানসহ অনেকে জানান, তাঁরা নতুন কোনো ইউনিয়ন গঠনের দাবি করছেন না। তাঁদের দাবি, বাসুদেব ইউনিয়নকে অখণ্ড রেখে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম আগের প্রশাসনিক কাঠামোয় ফিরিয়ে নিতে হবে।

স্থানীয়দের ভাষ্য, তাঁদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। পাশাপাশি নতুন উপজেলা গঠনের পরিকল্পনারও বিরোধিতা করছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল। নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

নতুন উপজেলা গঠনের প্রস্তাব ঘিরেও ক্ষোভ

শুরু থেকেই ছয় গ্রামের বাসিন্দাদের একাংশ ইউনিয়ন পুনর্গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। তাঁদের দাবি, গ্রামগুলোকে আগের মতো বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে হবে। দীর্ঘদিনেও এ বিষয়ে সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে জানিয়েছেন তাঁরা।

এর মধ্যে বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নকে কেন্দ্র করে নতুন উপজেলা গঠনের একটি প্রস্তাব সামনে এসেছে। এ প্রস্তাবের বিরুদ্ধেও স্থানীয়দের মধ্যে আন্দোলন শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধস্থলে পুলিশ রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বিক দায়িত্ব পালন করছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp