রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জ দলিল নিবন্ধনে অনিয়মের অভিযোগ

ছাতক সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান, রাজস্ব ফাঁকির প্রাথমিক সত্যতা

ডেস্ক রিপোর্ট • ৭ ঘণ্টা আগে • পঠিত: ৭ বার
ছাতক সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান, রাজস্ব ফাঁকির প্রাথমিক সত্যতা
দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে সুনামগঞ্জের ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সাব-কবলা দলিলকে হেবা দলিল হিসেবে নিবন্ধনের মাধ্যমে সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
সাব-কবলা দলিল হেবা হিসেবে নিবন্ধনের অভিযোগ
দুদক সূত্রে জানা গেছে, ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ পায় সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাইয়ে কার্যালয়টিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে সাব-কবলা দলিলকে অবৈধভাবে হেবা দলিল হিসেবে নিবন্ধন করে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ছাড়া দলিল নিবন্ধন প্রক্রিয়ায় আরও অনিয়ম ও জালিয়াতির অভিযোগও সামনে আসে।
নথিপত্র যাচাই করে প্রতিবেদন দেবে দুদক
দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ জানান, অভিযানের সময় সংশ্লিষ্ট কার্যালয় থেকে বিভিন্ন রেকর্ডপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি অভিযোগের বিস্তারিত পর্যালোচনার জন্য আরও প্রয়োজনীয় রেকর্ড সংগ্রহ করা হবে। পরে সব তথ্য বিশ্লেষণ করে অভিযান পরিচালনাকারী দল কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

প্রতিবেদন পর্যালোচনার পর এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp