রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সিলেটের খবর সেতু মেরামতে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণ

কিনব্রিজ বন্ধ, নতুন সেতুতেও বিধিনিষেধ; সিলেটে যানজট বাড়ার শঙ্কা

ডেস্ক রিপোর্ট • ১৪ ঘণ্টা আগে • পঠিত: ৬ বার
কিনব্রিজ বন্ধ, নতুন সেতুতেও বিধিনিষেধ; সিলেটে যানজট বাড়ার শঙ্কা
সিলেট নগরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ কিনব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকায় মেন্দিবাগ এলাকার হযরত শাহজালাল (রহ.) সেতুর ওপর চাপ বেড়েছে। এর মধ্যে সেতুটির ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের জন্য নতুন করে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত থেকে কার্যকর হওয়া এ নিয়ন্ত্রণ দুই দফায় ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। এতে নগরের বিভিন্ন সড়কে যানজট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সিলেট নগরে সাম্প্রতিক সময়ে যানজটের ভোগান্তি বেড়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকছে। এমন পরিস্থিতিতে সুরমা নদীর ওপর মেন্দিবাগ এলাকার সেতুতে চলাচল সীমিত করায় নগরের যানবাহন চলাচলে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দুই দফায় চলবে মেরামতকাজ

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের জন্য প্রথম দফায় ৭ নভেম্বর রাত ১১টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ চলবে। দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মেরামত কার্যক্রম পরিচালনা করা হবে।

মেরামতকাজের সুবিধার্থে সেতুর একটি লেন পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে। অন্য লেন দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করবে। এ কারণে যানজটের আশঙ্কা থাকায় চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

যেসব যানবাহনে থাকছে বিধিনিষেধ

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সব ধরনের রিকশা চলাচল বন্ধ থাকবে। তবে সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত রিকশা লেন দিয়ে চলাচল করতে পারবে।

সেতু দিয়ে চলাচলের অনুমতি থাকবে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস এবং জরুরি ও সেবামূলক যানবাহনের। ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ড ভ্যানকে বিকল্প হিসেবে কাজিরবাজার সেতু ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

কিনব্রিজ বন্ধ থাকায় বাড়তি চাপ

১৯৩৬ সালে চালু হওয়া ঐতিহ্যবাহী কিনব্রিজ দীর্ঘদিন ব্যবহারের পর জরাজীর্ণ হয়ে পড়ে। ২০২৩ সালে সংস্কারকাজের পর সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সেতুটি শুধু মোটরসাইকেল ও পথচারীদের ব্যবহারের জন্য উন্মুক্ত রয়েছে।

কিনব্রিজ বন্ধ থাকায় নগরের এক পাশ থেকে অন্য পাশে যাতায়াতের ক্ষেত্রে মেন্দিবাগের হযরত শাহজালাল (রহ.) সেতু ও কাজিরবাজার সেতুর ওপর নির্ভরতা বেড়েছে। এর মধ্যে একটি সেতুতে যান চলাচল সীমিত হওয়ায় নগরের সড়ক ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, মেরামতকাজ চলাকালে যানজট এড়াতে নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসী ও চালকদের অনুরোধ জানানো হয়েছে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp