হবিগঞ্জে গ্রাম্য গানের কোনো আসরের অনুমোদন না দিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিএনপি-দলীয় হুইপ জিকে গউছ। তাঁর নির্বাচনী এলাকার মানুষ এ ধরনের আয়োজন পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, এসব অনুষ্ঠান ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। জিকে গউছ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকও।
সম্প্রতি সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আবদুল করিম ও কবি রাধারমণ দত্তের স্মৃতিবিজড়িত এলাকায় গানের আসর আয়োজন নিয়ে আপত্তি ও সমালোচনার মধ্যে হবিগঞ্জে এ নির্দেশনা দিলেন সংসদীয় হুইপ।
গ্রাম্য গানের আসর নিয়ে আপত্তি
সভায় গ্রাম্য গানবাজনার আয়োজন নিয়ে জিকে গউছ বলেন, এলাকার মানুষ এ ধরনের অনুষ্ঠান পছন্দ করেন না। বিশেষ করে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করা এলাকার কোথাও যেন এমন আয়োজন না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে বলেন তিনি।
তিনি বলেন, ‘গ্রাম্য গানবাজনা আমাদের এই এলাকার লোকজন পছন্দ করেন না। এইগুলা একদম টোটালি, আমি অনুরোধ করব, পুরো জেলায় হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া ৪ লক্ষ ভোটার আমারে ভোট দিয়ে নির্বাচিত করছে, এইখানে যেন গ্রাম্য গানের আয়োজন, এটা-সেটা আমরা যেন না শুনি।’
এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে মারামারি, খুনোখুনিসহ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ওয়াজ মাহফিল ঘিরে উত্তেজনা এড়ানোর আহ্বান
শীত মৌসুমে এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন বেড়ে যায় উল্লেখ করে হুইপ বলেন, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন কোনো ধরনের উত্তেজনা বা ধর্মীয় অনৈক্য সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে।
তিনি বলেন, এসব অনুষ্ঠানের অনুমতি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বন করতে হবে।
মেলা আয়োজনের আড়ালে অশ্লীলতা ও জুয়া বন্ধের তাগিদ
বাণিজ্যমেলা ও শিল্পমেলার মতো আয়োজনের আড়ালে অশ্লীলতা এবং জুয়ার আসর বসানো নিয়েও আপত্তি জানান জিকে গউছ। তাঁর মতে, এলাকায় ব্যবসা-বাণিজ্য ভালোভাবেই চলছে। তাই নতুন করে মাঠে দোকান বসানোর প্রয়োজন নেই।
পার্শ্ববর্তী জেলাগুলোতে এ ধরনের মেলা আয়োজনের উদাহরণ দেওয়া হলেও সেখানকার পরিস্থিতির সঙ্গে হবিগঞ্জের চাহিদা এক নয় বলে মন্তব্য করেন তিনি।
জিকে গউছ বলেন, নির্বাচিত এলাকার কোথাও যেন এ ধরনের আয়োজনের খবর তাঁকে শুনতে না হয়। নিষিদ্ধ সংগঠনসহ নানা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে তিনি নতুন করে কোনো সমস্যা তৈরি না করার আহ্বান জানান।
সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।