মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রবাস নিউজ মিশিগানে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নতুন নেতৃত্ব

দায়িত্ব নিল বামের নতুন কমিটি, ফোবানা ২০২৮ হবে মিশিগানে

ডেস্ক রিপোর্ট • ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ রাত • পঠিত: ৪৭ বার
দায়িত্ব নিল বামের নতুন কমিটি, ফোবানা ২০২৮ হবে মিশিগানে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। একই সঙ্গে ফোবানা ২০২৮ মিশিগানে আয়োজনের প্রস্তুতিকে নতুন কমিটির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার ম্যাডিসন হাইটসে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন-পরবর্তী আনুষ্ঠানিকতা, শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে নতুন নেতৃত্বের কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ ও মোহাম্মদ আহাদ অনুষ্ঠান পরিচালনা করেন। তাঁরা নবনির্বাচিত সভাপতি, কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন কমিটিতে যাঁরা দায়িত্ব পেলেন

নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন জাবেদ চৌধুরী। নির্বাহী সহসভাপতি সুমন কবির। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আলী আহমেদ ফারিস, আজহার রহমান ও তারেক জামান।

সাধারণ সম্পাদক লুৎফুল বারী নিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও দীপু চৌধুরী। কোষাধ্যক্ষ জসিম চৌধুরী এবং যুগ্ম কোষাধ্যক্ষ সাইফ ইসলাম।

এ ছাড়া সাংগঠনিক ও অফিস সম্পাদক তাহমিদ চৌধুরী, প্রচার ও তথ্য সম্পাদক সায়েম চৌধুরী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মীর তানভীর, ক্রীড়া ও বিনোদন সম্পাদক লিটন সূত্রধর এবং সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক রসি মীর দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন কে ডি বাবলু।

মহিলা বিষয়ক সম্পাদক সারমিন তানিম এবং যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক তানিমা আলম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ওয়াহিদুজ্জামান আগা, মুস্তাক চৌধুরী, রুহেল আমিন, জাফর ইকবাল মল্লিক, সৈয়দ আসাদুজ্জামান, কামাল পাশা, এ এন এম এস চৌধুরী, সাইমা জেরিন, তানিয়া আক্তার লিমা, জাকের চৌধুরী, মোহাম্মদ মোহাম্মেন হোসেন ও মাহমুদুল হাসান।

কমিউনিটির ঐক্য ও সহযোগিতার আহ্বান

অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি জাবেদ চৌধুরী, নির্বাহী সহসভাপতি সুমন কবির, সাধারণ সম্পাদক লুৎফুল বারী নিয়ন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি মতিন চৌধুরী, নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ ও মোহাম্মদ আহাদ এবং উপদেষ্টা ইকবাল ফয়েজ শপন।

বক্তারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। নতুন নেতৃত্বের মাধ্যমে বাম আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. নাজমুল হাসান শাহীন, সাবেক সভাপতি এমআইবিএডিসি ও সেকেন্ড ভাইস চেয়ার এমডিপি; মঞ্জুর শফি চৌধুরী এলিম, প্রধান উপদেষ্টা এমআইবিএডিসি; শামীম আহসান, সাবেক সভাপতি, বাংলা প্রেস ক্লাব মিশিগান; শাব্বির খান, জাবির চৌধুরী, মোহাম্মদ উদ্দিন কামাল, সানি জাইগিরদার, ফয়সল আহমেদ মুন্না, মাহমুদুল হক লিটু ও শেবুল আহমেদসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

ফোবানা ২০২৮ আয়োজন নতুন কমিটির অন্যতম লক্ষ্য

নবনির্বাচিত কমিটি জানিয়েছে, সংগঠনকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে তারা কাজ করবে। এ জন্য কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে বাংলাদেশি সংস্কৃতি, ভাষা ও মূল্যবোধ সংরক্ষণ; শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া; তরুণ প্রজন্মের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি এবং বাংলাদেশি-আমেরিকান পরিবারগুলোর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদার করা।

পাশাপাশি মিশিগানের বিভিন্ন বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে নতুন নেতৃত্বের।

তবে নতুন কমিটির অন্যতম বড় লক্ষ্য ফোবানা ২০২৮ সফলভাবে আয়োজন। এ আয়োজনকে সামনে রেখে শক্তিশালী সাংগঠনিক কাঠামো ও সমন্বিত প্রস্তুতি গড়ে তোলার প্রত্যয় জানিয়েছে কমিটি।

নেতারা আশা প্রকাশ করেছেন, ২০২৬-২০২৮ মেয়াদে সবার অংশগ্রহণ ও সহযোগিতায় বাম আরও গতিশীল ভূমিকা পালন করবে। ফোবানা ২০২৮ আয়োজনের মধ্য দিয়ে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য একটি স্মরণীয় অধ্যায় তৈরি করতে চান তাঁরা।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp

সম্পর্কিত খবর

ট্যাগ: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান, বাম, মিশিগান