মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। এসব দেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কূটনৈতিক সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে এ সতর্কতা দেওয়া হয়েছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশ ছয়টিকে ভ্রমণ সতর্কতার সর্বোচ্চ স্তর ‘লেভেল-৪’-এর আওতায় রেখেছে। এই স্তরের অর্থ হলো, সংশ্লিষ্ট দেশগুলোতে কোনো অবস্থাতেই ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও ১৭ দেশও সর্বোচ্চ সতর্কতার আওতায়
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ছয়টি দেশ ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদান। সব মিলিয়ে বর্তমানে ২৩টি দেশ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।
কী বোঝায় লেভেল-৪ সতর্কতা
যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ব্যবস্থায় মোট চারটি স্তর রয়েছে। এর মধ্যে ‘লেভেল-৪’ হলো সর্বোচ্চ সতর্কতা।
এই স্তরের সতর্কতা জারি করা হলে সংশ্লিষ্ট দেশে ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সাধারণত গুরুতর নিরাপত্তাঝুঁকি, সংঘাত, সন্ত্রাসবাদ, অপহরণ কিংবা জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার মতো বিষয় বিবেচনায় নিয়ে এ ধরনের সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।