মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ দেশজুড়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার

২৪ ঘণ্টায় ২২ যানবাহনে আগুন, ২৮ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ সুপারদের আইজিপির নির্দেশ

ডেস্ক রিপোর্ট • ৯ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
২৪ ঘণ্টায় ২২ যানবাহনে আগুন, ২৮ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ সুপারদের আইজিপির নির্দেশ
দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে অগ্নিসংযোগ এবং অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় এসব নাশকতার ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

বৈঠকে নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন আইজিপি। তবে নিরীহ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নাশকতার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ
পুলিশের একটি সূত্রের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি অংশ নাশকতায় জড়িত। বিদেশে অবস্থানরত দলীয় নেতারা তাঁদের উসকানি ও অর্থ সহায়তা দিচ্ছেন বলেও সূত্রটি দাবি করেছে। সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যে থাকা কয়েকজনের নাম পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোববার সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন; টাকার বিনিময়ে এসব কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে পুলিশ সূত্র জানিয়েছে।

১১ জেলায় ২২ যানবাহনে অগ্নিসংযোগ
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ ও ফরিদপুরে আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে যানবাহনে আগুন দেওয়া হয়।

ডিএমপি সূত্র জানায়, সোমবার রাতে রাজধানীর ফার্মগেট ও পল্লবী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনিট্রাকে অগ্নিসংযোগ করা হয়।

ঢাকার ১৯ স্থানে ককটেল বিস্ফোরণ
ডিএমপির তথ্য অনুযায়ী, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার আকতার হোসেন বলেন, নাশকতার সঙ্গে জড়িত অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পেছনে পরিকল্পিত অপরাধমূলক তৎপরতা রয়েছে। এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, সিসিটিভি পর্যবেক্ষণ এবং সাইবার মনিটরিং করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার কাজ চলছে।

তিনি আরও বলেন, শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ এবং প্রতিরোধমূলক পদক্ষেপের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।

কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকাতেও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

এর আগে সোমবার গভীর রাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে লগি-বইঠা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট চার জেলার পুলিশ সুপারদের টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। কোথাও যাতে লোকজন জড়ো হয়ে বড় ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

গণগ্রেপ্তার নয়, প্রকৃত অপরাধীদের ধরার নির্দেশ
মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিদের সঙ্গে বৈঠক করেন আইজিপি আলী হোসেন ফকির।

বৈঠকে সাম্প্রতিক নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। তবে অতীতের মতো গণগ্রেপ্তার না করার বিষয়ে পুলিশ সুপারদের সতর্ক করেন আইজিপি।

বৈঠকের পর তিন জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলে প্রথম আলো। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, আইজিপি তাঁদের ‘কোয়ালিটি অ্যারেস্ট’ বা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে নিরীহ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp