মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সিলেটের খবর রাতারগুলের ইকো রিসোর্টে গোপন সভা নিয়ে তদন্ত

রনজিতের সভায় ১৭৫ জন, ৫২ হাজার টাকায় ভাড়া নেওয়া হয় রাতারগুলের রিসোর্ট

ডেস্ক রিপোর্ট • ৮ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
রনজিতের সভায় ১৭৫ জন, ৫২ হাজার টাকায় ভাড়া নেওয়া হয় রাতারগুলের রিসোর্ট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকায় একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা অনুষ্ঠিত হয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই আয়োজনে ১৭৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হয়েছিল ৫২ হাজার টাকায়। সভার খবর প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) জানা যায়, ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে গত রোববার (৮ নভেম্বর) সভাটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার।

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট বুকিং
রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশারফ জানান, গত বুধবার রুকন নামের এক আইনজীবীসহ দুজন রিসোর্টে গিয়ে বুকিংয়ের বিষয়ে আলোচনা করেন এবং জায়গাটি ঘুরে দেখেন। পরে শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম পাঠিয়ে বুকিং নিশ্চিত করা হয়।

১৭৫ জনের দলের জন্য মোট ৫২ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল।

পারভেজ মোশারফের ভাষ্য অনুযায়ী, শিক্ষা সফরে আসা দলটি দুপুরের দিকে অথবা বিকেল ৩টার কাছাকাছি রিসোর্টে প্রবেশ করে। তারা সামনের লেক ও মিনি ফুটবল মাঠে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। অনুষ্ঠানের জন্য প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজনও ছিল।

সব কার্যক্রম শেষে রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে দলটি রিসোর্ট ছেড়ে যায় বলে জানান তিনি।

তবে রনজিত সরকার কখন সেখানে এসেছিলেন, তা রিসোর্টের কর্মচারীরা জানেন না বলে দাবি করেছেন। তাঁরা সাবেক সংসদ সদস্যকে চিনতেন না বলেও জানিয়েছেন। এদিকে সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তারা মিয়াকে আটকের পর সভার স্থান শনাক্ত
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে এখলাছুর রহমান ওরফে তারা মিয়াকে আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে রনজিত সরকারের সভায় উপস্থিত দেখা যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন জানান, তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাতারগুলের ওই রিসোর্টে গিয়ে সভার বিষয়ে নিশ্চিত হয়েছে।

পুলিশ সুপারের ভাষ্য, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী ৮ নভেম্বরের জন্য রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার উপস্থিত হয়ে একটি ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর তিনি স্থান ত্যাগ করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ভিডিওতে তারা মিয়াকে দেখা যাওয়ার পর তাঁর মুঠোফোনের অবস্থান শনাক্ত করে তাঁকে আটক করা হয়। পরে সভার স্থান ও আয়োজন সম্পর্কে জানতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের কর্মকর্তারা তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গোয়াইনঘাটের রাতারগুলে সভা হওয়ার তথ্য দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাঁকে নিয়ে ঘটনাস্থলে যায়।

সভার বিষয়ে জানতেন না গোয়াইনঘাট থানার ওসি
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক মণ্ডল বলেন, সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে সভা করার বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

এর আগে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছিলেন, সিলেটের সীমান্ত এলাকায় এ ধরনের কোনো সভা হয়নি। সভাটি সুনামগঞ্জের সীমান্তবর্তী কোনো স্থানে হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেছিলেন।

ভিডিও প্রকাশের পর রনজিতের বাড়িতে আগুন
গত সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে সভায় দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ লোকজন এ ঘটনা ঘটান বলে জানা গেছে।

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান সামনে রেখে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সভাটির আয়োজন করা হয়। এতে সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন বলে জানা গেছে।

সীমান্ত পেরিয়ে ভারতে ফেরার দাবি রনজিতের
রনজিত সরকার ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে সভা শেষে আবার ভারতে ফিরে গেছেন বলে জানা গেছে। তিনি নিজেও গণমাধ্যমকে জানিয়েছেন, সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন। একটি সূত্রের দাবি, বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp