সৌদি আরবে বিয়েবহির্ভূত সন্তান জন্ম দেওয়ার ঘটনায় কেনিয়ার এক নারী গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এ রায়ের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের মতে, এ ধরনের শাস্তি নারীর প্রতি সহিংসতার শামিল।
বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
সৌদি আরবের শরিয়াহভিত্তিক আইনব্যবস্থায় বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে এ ধরনের ঘটনায় পুরুষদের তুলনায় নারীরা বেশি শাস্তির মুখে পড়ছেন বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর।
হাসপাতালে সন্তান জন্ম দেওয়ায় সামনে আসে ঘটনা
সৌদি আরবে অবিবাহিত নারীদের সন্তান জন্ম দেওয়ার ঘটনা নতুন নয়। তবে অনেক ক্ষেত্রে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে না। কারণ, অবিবাহিত নারীদের সন্তান জন্মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হাসপাতালগুলোর জন্য বাধ্যতামূলক।
উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভার ভাষ্য, অধিকাংশ নারী বাড়িতে সন্তান জন্ম দেন। ফলে তাঁদের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয় না।
মিসরীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা
সাজাপ্রাপ্ত নারীর নাম এসথার ওয়ানজা মুথোনি। তিনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে গৃহপরিচারিকা ও শিশুর দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, এক মিসরীয় পুরুষের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের কারণে অন্তঃসত্ত্বা হন মুথোনি। তাঁর দাবি, সন্তানের বাবা ইতিমধ্যে সৌদি আরব ছেড়ে চলে গেছেন।
২০২৪ সালে দ্য গার্ডিয়ান-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে সৌদি আরবে এমন কয়েকজন কেনীয় অবিবাহিত মায়ের দুরবস্থার কথা উঠে আসে। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে গ্রেপ্তারের আশঙ্কায় তাঁদের সন্তানের বাবারা দেশ ছেড়ে চলে যাওয়ায় তাঁরা অসহায় হয়ে পড়েন।
গত মাসে দেওয়া রায়ের পর মুথোনি নিউইয়র্ক টাইমস-কে বলেন, ১০০ বেত্রাঘাতের শাস্তি সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি আতঙ্কিত। তাঁর ভাষায়, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’
বেত্রাঘাতের শাস্তি বন্ধে সংস্কার নিয়েও বিতর্ক
২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধে সংস্কার ঘোষণার কথা জানায়। তবে ওই সংস্কার মূলত ‘তাজির’ অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এ ধরনের অপরাধে বিচারকেরা নিজেদের বিবেচনায় শাস্তি নির্ধারণ করতে পারেন।
২০২১ সালে প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা আলকুস্ত জানায়, বেত্রাঘাতের অধিকাংশ সাজা তাজির অপরাধের আওতায় পড়লেও ইসলামী আইনে নির্ধারিত ‘হুদুদ’ অপরাধের ক্ষেত্রে এ শাস্তির বিধান বহাল ছিল। মদ্যপান ও ব্যভিচারের মতো অপরাধে বেত্রাঘাত তখনো সম্ভাব্য শাস্তি হিসেবে রয়ে যায়।
এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।