বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মৌলভীবাজার

জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

ডেস্ক রিপোর্ট • ১৩ ঘণ্টা আগে • পঠিত: ৭ বার
জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুই দুর্বৃত্ত। তবে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আটটার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।

যেভাবে হামলার ঘটনা ঘটে

নারী পুলিশ সদস্যের স্বামী জানান, মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব শেষ করে হেঁটে বাসায় ফিরছিলেন তাঁর স্ত্রী। এ সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন না। রাত আটটার দিকে ইউনিয়ন পরিষদের কাছে নির্জন এলাকায় পৌঁছালে পেছন থেকে এক তরুণ তাঁর স্ত্রীর মুখ চেপে ধরেন। এরপর তাঁকে জোর করে সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় কাছেই একটি মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিলেন। তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে পালিয়ে যান।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা

ঘটনাস্থলের কাছেই স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি জানান, হঠাৎ চিৎকার শুনে স্ত্রীসহ আশপাশের লোকজনের সঙ্গে তিনিও ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় তাঁরা ওই নারী পুলিশ সদস্যকে চিনতে পারেন। পরে থানার অন্য কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই তরুণকে

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি অন্ধকারাচ্ছন্ন ছিল। আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পিছু নেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।

ওসি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp