বুধবার, ১১ নভেম্বর ২০২৬
মৌলভীবাজার জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও স্ত্রীর ওপর হামলা

শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট • ১১ ঘণ্টা আগে • পঠিত: ৬ বার
শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম এবং তাঁর স্ত্রীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১৪ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। ওই দিন রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন।

যেভাবে হামলার ঘটনা ঘটে
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। ১০ নভেম্বর দুপুরে রিসোর্ট থেকে চেকআউট করে অটোরিকশায় রাধানগর সড়ক দিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমানের নেতৃত্বে ১৫ জনের একটি দল তাঁদের পথরোধ করে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ২০২৪ সালের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে হাসিব ও তাঁর স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে স্লোগান দেয়। এরপর তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি হাবিবুর রহমান হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথা লক্ষ্য করে কোপ দেন। হাসিব বাম হাত দিয়ে আঘাতটি প্রতিহত করার চেষ্টা করলে তাঁর বাম হাতের কব্জির নিচে গুরুতর জখম হয়। এ সময় অন্য হামলাকারীরা লাঠি ও রড দিয়ে তাঁদের এলোপাতাড়ি মারধর করে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়। এতে তাঁরা প্রাণে রক্ষা পান। আহত হাসিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে
ঘটনার পর অভিযুক্ত হাবিবুর রহমান নিজের ফেসবুক প্রোফাইলে হামলার একটি ভিডিও প্রকাশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। পরে ভিডিওটি মুছে ফেলা হলেও অন্য এক ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় ছাত্রলীগের কর্মীদের কয়েকজন তাঁকে ট্যাগ করে প্রশংসা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত হাবিবুর রহমানের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশের বক্তব্য
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp