বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে ইফেল স্কলারশিপ, মাসে মিলবে ২ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট • ১২ ঘণ্টা আগে • পঠিত: ৬ বার
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে ইফেল স্কলারশিপ, মাসে মিলবে ২ লাখ টাকা
উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশটির ২০২৭ সালের ‘ফ্রান্স এক্সিলেন্স ইফেল স্কলারশিপ’-এর আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থী নেওয়ার উদ্যোগ নিয়েছে টুলুজ বিশ্ববিদ্যালয়। নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ১ হাজার ২০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা ভাতার পাশাপাশি বিমানভাড়া, স্বাস্থ্যবিমা ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তা পাবেন।

ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে ক্যাম্পাস ফ্রান্স। আন্তর্জাতিক মেধাবী শিক্ষার্থীদের ফ্রান্সের উচ্চশিক্ষা ও গবেষণায় আকৃষ্ট করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
বৃত্তিতে যেসব সুবিধা পাওয়া যাবে
ইফেল স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো ভাতা পাবেন। এ ছাড়া নিজ দেশ থেকে ফ্রান্সে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার ইকোনমি শ্রেণির বিমানভাড়াও দেওয়া হবে।

বৃত্তিপ্রাপ্তদের ফ্রান্সের অভ্যন্তরে যাতায়াতের খরচে সহায়তা এবং স্বাস্থ্যবিমার সুবিধা রয়েছে। পাশাপাশি আবাসন খুঁজে পেতে সহযোগিতা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও আঞ্চলিক শিক্ষা কর্তৃপক্ষের অধীন ক্রুস আবাসিক হল অথবা বেসরকারি আবাসনে থাকার সুযোগ পেতে পারেন। সাংস্কৃতিক, ক্রীড়া ও বিনোদনমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও বিশেষ ছাড় পাবেন তাঁরা।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
টুলুজ বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বিষয়গুলোর মধ্যে রয়েছে—
- জীববিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান
- পরিবেশগত রূপান্তর
- গণিত ও ডিজিটাল প্রযুক্তি
- প্রকৌশল ও প্রকৌশলবিজ্ঞান
মানবিক ও সামাজিক বিজ্ঞানের আওতায় রয়েছে—
- ফরাসি ইতিহাস, ভাষা ও সভ্যতা
- আইন ও রাষ্ট্রবিজ্ঞান
- অর্থনীতি ও ব্যবস্থাপনা
আবেদনের যোগ্যতা
মাস্টার্স পর্যায়: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৯ বছর হতে হবে। ২০২৭ সালের বৃত্তির জন্য জন্মতারিখ ৩১ মার্চ ১৯৯৭-এর পরে হতে হবে। প্রার্থীকে ফ্রান্সের বাইরের কোনো দেশের নাগরিক হতে হবে এবং আবেদনের সময় ফ্রান্সে অধ্যয়নরত থাকা যাবে না। পাশাপাশি সংশ্লিষ্ট মাস্টার্স বা প্রকৌশল বিষয়ে ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।

আগে মাস্টার্স পর্যায়ে ইফেল বৃত্তি পেয়েছেন কিংবা আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন—এমন প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না।

পিএইচডি পর্যায়: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। ২০২৭ সালের বৃত্তির জন্য জন্মতারিখ ৩১ মার্চ ১৯৯১-এর পরে হতে হবে। এ পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার প্রস্তাব, টুলুজ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা গবেষকের সমর্থন এবং বিশ্ববিদ্যালয়টিতে পিএইচডিতে নিবন্ধন অথবা নিবন্ধনের পরিকল্পনা থাকতে হবে।
আবেদনে যেসব কাগজপত্র লাগবে
আবেদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এগুলোর মধ্যে রয়েছে—
- পাসপোর্ট অথবা পরিচয়পত্রের অনুলিপি
- ফরাসি বা ইংরেজি ভাষায় হালনাগাদ জীবনবৃত্তান্ত
- সর্বশেষ শিক্ষাগত সনদ
- বিগত তিন বছরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- ভাষাগত দক্ষতার সনদ
- মোটিভেশন লেটার
- ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
যেভাবে আবেদন করবেন
ইফেল স্কলারশিপে শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন না। ফ্রান্সের যোগ্য কোনো উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মনোনয়ন পেতে হবে।

মাস্টার্সে আগ্রহীদের প্রথমে টুলুজ বিশ্ববিদ্যালয়ের কোর্স তালিকা থেকে বৃত্তির আওতাভুক্ত বিষয় নির্বাচন করতে হবে। এরপর যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

অন্যদিকে, পিএইচডি প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল স্কুল ও গবেষণাগারগুলোর তথ্য পর্যালোচনা করে নিজেদের গবেষণার বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষক বা গবেষকের সঙ্গে যোগাযোগ করতে হবে। গবেষণার পরিকল্পনা তুলে ধরে তাঁর সমর্থন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
টুলুজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মাস্টার্স পর্যায়ে প্রাথমিক আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬। পিএইচডি পর্যায়ে আবেদন করা যাবে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

অন্যদিকে, ইফেল স্কলারশিপের জন্য চূড়ান্ত মনোনয়ন ও আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ জানুয়ারি ২০২৭। বিশ্ববিদ্যালয়ের বাছাইয়ে মনোনীত শিক্ষার্থীদের আবেদন ক্যাম্পাস ফ্রান্সে পাঠানো হবে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp