সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা অনুষ্ঠিত হওয়া আলোচিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রিসোর্টের বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করার পর এটি বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকালে রিসোর্টটির প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে।
এদিকে, সভার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে রিসোর্টের মালিক সোহেল আহমদ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। রিসোর্টের ফোন নম্বরও বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পুলিশ রিসোর্টটিতে অভিযান চালায়। এ সময় বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়। পরে রিসোর্টের ফটকে তালা দেওয়া হয় বলে জানা গেছে।
শিক্ষা সফরের আড়ালে রাজনৈতিক সভা
গত রোববার সন্ধ্যায় রাতারগুল সোয়াম্প ফরেস্টসংলগ্ন ফতেহপুর ইউনিয়নের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে সভা করেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রনজিত সরকার। শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সভার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে প্রথমে শিক্ষা সফরের ব্যানার দেখা গেলেও পরে সেটি সরিয়ে আওয়ামী লীগের ব্যানার টানাতে দেখা যায়।
তারা মিয়ার তথ্যের ভিত্তিতে সভাস্থল শনাক্ত
সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তা নিয়ে শুরুতে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ সীমান্ত এলাকা কিংবা ভারতের অভ্যন্তরে সভা হওয়ার দাবি করেন। তবে ভিডিও বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে সভাস্থল শনাক্ত করে পুলিশ।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান ওরফে তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। মোবাইল ফোনের অবস্থান শনাক্ত এবং ভিডিওতে তাঁর উপস্থিতির সূত্র ধরে তাঁকে আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মিয়া সভাটি রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার তথ্য দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে রিসোর্টে যায় এবং সভাস্থল শনাক্ত করে।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন সংবাদমাধ্যমকে সভাস্থল শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
যেভাবে আয়োজন করা হয়েছিল সভা
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বিকেলে একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রিসোর্টে যান। রোকন মিয়া নামের সুনামগঞ্জের জামালগঞ্জের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া করেছিলেন।
ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষা সফরের ব্যানার টানিয়ে আয়োজন শুরু হয়। সেখানে খেলাধুলা ও পুরস্কার বিতরণের আয়োজনও ছিল। পরে রাত ৯টার দিকে সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সেখানে উপস্থিত হন। কিছুক্ষণ পর শিক্ষা সফরের ব্যানার সরিয়ে আওয়ামী লীগের ব্যানার টানানো হয়। এরপর রনজিত সরকার প্রায় পাঁচ মিনিট বক্তব্য দিয়ে গাড়িতে করে চলে যান বলে পুলিশ সূত্রের দাবি।
ছড়িয়ে পড়া ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে থাকতে দেখা যায়।
ভিডিও প্রকাশের পর রনজিতের বাড়িতে আগুন
গত সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে সভার ভিডিও প্রকাশ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার মধ্যরাতে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
এদিকে, রিসোর্টের মালিক সোহেল আহমদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সভার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়দের দাবি।
পুলিশের বক্তব্য
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল বলেন, পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে একটি দল রিসোর্টে গিয়ে সভা করেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন এবং আইনগত ব্যবস্থা নিতে কাজ চলছে। সভায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।