যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে এক বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত ‘কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ’-এর আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আবেদন গ্রহণ শুরু হবে ১০ নভেম্বর। আগ্রহীরা আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের যুক্তরাজ্যের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স করার সুযোগ দেওয়া হবে। বৃত্তিতে সম্পূর্ণ টিউশন ফি, যাতায়াতের বিমানভাড়া এবং মাসিক জীবনযাত্রার ব্যয় বহন করা হবে। যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
সিএসসির তথ্য অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা। সাধারণত ১২ মাস মেয়াদি এ কর্মসূচির লক্ষ্য কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী এবং পেশাজীবীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া, যাঁদের নিজ খরচে যুক্তরাজ্যে পড়াশোনা করা সম্ভব নয়।
বৃত্তিতে যেসব সুবিধা পাওয়া যাবে
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার অনুমোদিত বিমানভাড়া ও মাসিক জীবনযাত্রার ভাতা দেওয়া হবে।
বর্তমান নির্ধারিত হার অনুযায়ী, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড ভাতা পাবেন। লন্ডনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে এ ভাতার পরিমাণ হবে ২ হাজার পাউন্ড। তবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ভাতার পরিমাণ পরিবর্তিত হতে পারে।
এ ছাড়া নির্দিষ্ট শর্তে শীতের পোশাক কেনা, গবেষণার কাজ, শিক্ষা-সংক্রান্ত ভ্রমণ এবং ভিসার জন্য প্রয়োজনীয় যক্ষ্মা পরীক্ষার খরচেও সহায়তা দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশি নাগরিকদের এ বৃত্তিতে আবেদনের সুযোগ রয়েছে। তবে প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা পূরণ করতে হবে।
আবেদনকারীর যুক্তরাজ্যের আপার সেকেন্ড ক্লাস (২:১) সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে স্নাতক সম্পন্ন করবেন, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। স্নাতকে ফল তুলনামূলক কম হলেও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে যোগ্য বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া আবেদনকারীকে যোগ্য কমনওয়েলথভুক্ত দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে। বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার খরচ বহনের সামর্থ্য থাকা যাবে না। উচ্চ আয়ের দেশে আগে পড়াশোনা বা কাজের অভিজ্ঞতার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে।
এ বৃত্তির জন্য আবেদনে কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
আইইএলটিএস কি বাধ্যতামূলক
কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের বৃত্তির আবেদনে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আইইএলটিএস স্কোর অথবা ইংরেজি ভাষায় দক্ষতার অন্য কোনো প্রমাণ চাওয়া হতে পারে।
এ কারণে আবেদনকারীদের পছন্দের বিশ্ববিদ্যালয় ও মাস্টার্স কোর্সের নিজস্ব ভর্তি-শর্ত আগে থেকেই যাচাই করে নেওয়া প্রয়োজন।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অনলাইন আবেদনব্যবস্থা ‘সিএসসি সেন্ট্রাল’-এর মাধ্যমে আবেদন করতে হবে। একই সঙ্গে পছন্দের বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মাস্টার্স কোর্সে ভর্তির জন্য আলাদা আবেদনও জমা দিতে হবে।
আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—
- পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
- শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ নম্বরপত্র
- অন্তত দুজনের স্বাক্ষরিত সুপারিশপত্র
- তিনজন সুপারিশকারীর প্রয়োজনীয় তথ্য
আবেদনপত্রে যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা, জ্ঞান ও দক্ষতা দেশে ফিরে বাংলাদেশের উন্নয়নে কীভাবে কাজে লাগানো হবে, তার বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরতে হবে।
সিএসসির তথ্য অনুযায়ী, ২০২৭-২৮ শিক্ষাবর্ষে পুরো কর্মসূচির আওতায় প্রায় ১৮০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই সংখ্যা শুধু বাংলাদেশের জন্য নয়; যোগ্য কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য প্রতিযোগিতা করবেন।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে। যুক্তরাজ্যে অর্জিত জ্ঞান ও নেতৃত্বের দক্ষতা নিজ দেশের উন্নয়নে কাজে লাগাতে সক্ষম পেশাজীবী ও শিক্ষাবিদ তৈরি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
আবেদনের শেষ সময় ও প্রয়োজনীয় লিংক
২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ১০টা। এ বৃত্তিতে আবেদন করতে কোনো ফি দিতে হবে না।
আবেদনের নিয়ম, যোগ্যতা, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় এবং অনুমোদিত কোর্সের তালিকা জানতে নিচের লিংকগুলোতে প্রবেশ করা যাবে।
- অফিশিয়াল ওয়েবসাইট: Commonwealth Shared Scholarships
- সরাসরি আবেদন: CSC Central Online Application