গত ৯ নভেম্বর ই-মেইলের মাধ্যমে তাঁকে এ সুসংবাদ জানানো হয়। নির্বাচিত গবেষণাপত্র দুটির পোস্টার নম্বর যথাক্রমে ৮০৯৩ ও ৮২৫৭।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া কয়েক হাজার গবেষণাপত্রের মধ্য থেকে দীর্ঘ তিন থেকে চার মাসের বৈজ্ঞানিক মূল্যায়ন প্রক্রিয়া শেষে ডা. সাঈদ এনামের গবেষণা দুটি নির্বাচিত হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, গ্রামের বাড়িতে তাঁর ছোট্ট চেম্বারে চিকিৎসাসেবা দিতে গিয়ে বিরল ও ব্যতিক্রমী রোগীদের শনাক্তকরণ, চিকিৎসা এবং দীর্ঘ পর্যবেক্ষণের অভিজ্ঞতাকে তিনি গবেষণার উপাদান হিসেবে কাজে লাগান। এর আগেও ইউরোপ, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তাঁর গবেষণা উপস্থাপিত হয়েছে।
সম্প্রতি তাঁর একটি ব্যতিক্রমী কেস হিস্ট্রি ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টসের নিউজলেটারে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধের সময় মাথায় মর্টার শেলের ধাতব টুকরো বিদ্ধ হওয়ার পরও প্রায় ৫০ বছর বেঁচে থাকা এক ব্যক্তির বিরল চিকিৎসা-ইতিহাস আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞানী মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
ডা. সাঈদ এনাম জানান, রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে অর্জিত বিরল অভিজ্ঞতাগুলো বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলন ও জার্নালে তুলে ধরার চেষ্টা করেন তিনি। ব্যস্ততার কারণে নিউইয়র্কে সরাসরি উপস্থিত হতে না পারলে গ্রামের চেম্বার থেকেই ভার্চুয়ালি গবেষণাপত্র উপস্থাপন করবেন।
উল্লেখ্য, ডা. সাঈদ এনাম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ২০২১ সালে তিনি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (APA) ইন্টারন্যাশনাল ফেলো নির্বাচিত হন।
তাঁর এ আন্তর্জাতিক স্বীকৃতিতে কুলাউলাসহ মৌলভীবাজারের চিকিৎসক সমাজ ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।