শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ বাংলাদেশ পুলিশ

পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত, এএসপির বাধ্যতামূলক অবসর

ডেস্ক রিপোর্ট • ৬ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার



অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ধরনের অভিযোগে এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিএমপি উপকমিশনার মো. নাজমুল ইসলাম, এএসপি মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান।

প্রজ্ঞাপন অনুযায়ী, কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আবার কারও বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা ও অসদাচরণের অভিযোগে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp