বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ, অ্যাডভোকেট সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন মুনতাসির উদ্দিন আহমেদ।
আইনজীবীরা জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তী সময়ে অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এরপর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন করে আগের আদেশ সংশোধনের পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়। তবে আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশনার পর বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়।
পরবর্তী সময়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটাকে আদালতের আদেশের আওতামুক্ত রাখার আবেদন জানানো হয়। শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আগের নির্দেশ বহাল রাখেন।
ওই আদেশের পর বিভিন্ন ইটভাটার মালিকপক্ষ একাধিক আপিল করে আদেশের ওপর স্থগিতাদেশ চাইলেও চেম্বার জজ আদালত থেকে কোনো স্থগিতাদেশ পাননি। পরবর্তী সময়ে আপিল বিভাগেও ওই আপিলগুলো খারিজ হয়ে যায়।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।