নিউইয়র্ক (ইউএনএ): অগ্নিনিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণার প্রায় এক সপ্তাহ পর নিউইয়র্কের অন্যতম বৃহৎ ও সুনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান জামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) পুনরায় পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ চালু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে সীমিত পরিসরে মসজিদটির কার্যক্রম পুনরায় শুরু হয়। জেএমসির সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আপাতত সীমিতসংখ্যক মুসল্লির অংশগ্রহণে জেএমসিতে পাঁচ ওয়াক্ত নামাজ ও শুক্রবারের জুমার নামাজ আদায় করা যাবে। এ উদ্যোগে সহযোগিতার জন্য তিনি নিউইয়র্ক সিটি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, বৃহস্পতিবার জেএমসির পক্ষ থেকে সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মহান আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহে জামাইকা মুসলিম সেন্টারে পুনরায় পাঁচ ওয়াক্ত নামাজ ও পবিত্র জুমার নামাজ আদায়ের কার্যক্রম শুরু হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের চলমান বৃহৎ সম্প্রসারণ ও নির্মাণকাজের কারণে আপাতত সীমিতসংখ্যক মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ফায়ার স্প্রিংকলার ও ফায়ার অ্যালার্ম সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর মসজিদের উভয় তলা পূর্ণ ধারণক্ষমতায় ব্যবহারের ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে জেএমসি কর্তৃপক্ষ।
এ বিষয়ে আন্তরিক সহযোগিতা ও সহায়তার জন্য নিউইয়র্ক সিটি মেয়র অফিস, ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি) এবং নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়।
বিশেষভাবে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও তাঁর কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁরা জামাইকা মুসলিম সেন্টার পরিদর্শন করে মসজিদে সীমিত পরিসরে নামাজ চালুর বিষয়ে সুখবর দেন।
বিবৃতিতে জেএমসির সকল মুসল্লি, শুভাকাঙ্ক্ষী এবং কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সাময়িক বন্ধের এই সময়ে তাঁদের ধৈর্য, দোয়া, অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ জানায় মসজিদ কর্তৃপক্ষ।
বিবৃতির শেষাংশে মহান আল্লাহর কাছে জামাইকা মুসলিম সেন্টারের সুরক্ষা এবং চলমান সম্প্রসারণ প্রকল্প দ্রুত ও সফলভাবে সম্পন্ন করার জন্য দোয়া করা হয়।