সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সিলেটের খবর বাইপাস সার্জারির সংখ্যা ২৮৭ ছাড়িয়েছে

সিলেটে নিয়মিত ওপেন হার্ট সার্জারি কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি • ১৮ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
সিলেটে নিয়মিত ওপেন হার্ট সার্জারি কার্যক্রমের উদ্বোধন
সিলেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিত ওপেন হার্ট সার্জারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়মিত এ সেবা চালুর ফলে সিলেট অঞ্চলের হৃদরোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, চিকিৎসা খাতের জন্য এটি অত্যন্ত গর্বের ও মাইলফলক একটি দিন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়মিত বাইপাস সার্জারি কার্যক্রম চালু হওয়া হৃদরোগীদের চিকিৎসাসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বর্তমান সময়ে হৃদরোগ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এ সেবা নিয়মিত চালুর ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি রোগীরা সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পাবেন এবং তাঁদের অর্থ ও সময় সাশ্রয় হবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি জামিল আহমদ চৌধুরী। জয়েন্ট সেক্রেটারি আবু তালেব মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ মতিন।

উপস্থাপনায় তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকার কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. ফারুক আহমেদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ভিজিটিং সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. খালেদ মহসিন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. শুয়াইব আহমদ।

অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের নিরলস প্রচেষ্টায় হাসপাতালটিতে বাইপাস সার্জারির সংখ্যা সফলভাবে ২৮৭ ছাড়িয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইন কার্ডিওলজি ডা. কৌশিক মজুমদার এবং সিনিয়র কনসালট্যান্ট ইন কার্ডিয়াক সার্জারি ডা. দেওয়ান ইফতেখার রাজা চৌধুরী।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp