হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জি. এম. সরফরাজকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেন।
একই সঙ্গে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের একই পদে বদলি করা হয়েছে। তাঁর স্থলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জি. এম. সরফরাজ।