সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সিলেটের খবর

সিলেটে আটক ব্যাটারিচালিত যান ফেরত দেবে এসএমপি, মানতে হবে ৫ শর্ত

ডেস্ক রিপোর্ট • ১৪ ঘণ্টা আগে • পঠিত: ৩ বার
সিলেটে আটক ব্যাটারিচালিত যান ফেরত দেবে এসএমপি, মানতে হবে ৫ শর্ত
সিলেট নগরীতে অভিযানে আটক ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম মালিকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে এসব যান ফেরত পেতে মালিক ও চালকদের পাঁচটি শর্ত পূরণ করতে হবে। একই সঙ্গে অবমুক্ত করা যানবাহন সিলেট মহানগর এলাকায় চালানো ও বিক্রি করা যাবে না।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এসএমপির জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে আটক যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর এসএমপি একটি সভা করে। সেখানে তাঁদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনায় নিয়ে গত ১ মে থেকে এ পর্যন্ত আটক যানবাহনগুলো অবমুক্ত করার সিদ্ধান্ত হয়। তবে শর্ত দেওয়া হয়েছে, এসব যান সিলেট মহানগর এলাকায় আর চালানো যাবে না।

যেসব শর্তে যানবাহন ফেরত পাওয়া যাবে

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আটক ব্যাটারিচালিত যানবাহন ফেরত পেতে আবেদনকারীদের পাঁচটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো—

1. আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ আবেদনপত্র জমা দিতে হবে।

2. সিলেট মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চালানো হবে না—এ মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।

3. আটক হওয়ার সময় দেওয়া রেকার স্লিপের মূল কপি জমা দিতে হবে।

4. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের এক কপি সত্যায়িত ফটোকপি দিতে হবে।

5. অবমুক্ত করা ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক বা টমটম সিলেট মেট্রোপলিটন এলাকায় বিক্রি করা হবে না—এ মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।

নগরীতে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ

গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আটক যানবাহন ফেরত পেতে মালিক ও চালকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp