শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সিলেটের খবর সিলেটে আইন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

দেশকে অস্থিতিশীল করতে একটি দল মরিয়া: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট • ১৫ ঘণ্টা আগে • পঠিত: ৩০ বার
দেশকে অস্থিতিশীল করতে একটি দল মরিয়া: বাণিজ্যমন্ত্রী
দেশকে অস্থিতিশীল করার জন্য একটি দল মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রীর ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, পাশাপাশি জনগণও সজাগ আছে।

শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গভর্নমেন্ট প্লিডারদের (জিপি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

রনজিত সরকারের সমাবেশের প্রসঙ্গে যা বললেন মন্ত্রী

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সিলেটের গোয়াইনঘাট সীমান্তে সমাবেশ করার দাবি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘অবৈধ এমপির কার্যক্রমও অবৈধ।’ ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

মাদক ও অনলাইন জুয়ার মামলা গুরুত্ব দিয়ে পরিচালনার নির্দেশ

মতবিনিময় সভায় নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, মাদক ও অনলাইন জুয়া সমাজের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের প্রভাব থেকে রক্ষা করা এবং অনলাইন জুয়ার বিস্তার ঠেকানো জরুরি। এসব অপরাধের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে, যাতে অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে সহজে পার পেয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারে।

তিনি বলেন, মাদকাসক্তি কেবল একজন ব্যক্তির সমস্যা নয়; এর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। সমাজে সংঘটিত অপরাধের একটি উল্লেখযোগ্য অংশের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে।

অন্যদিকে অনলাইন জুয়ার সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেকেই সারাদিনের উপার্জন জুয়ায় হারাচ্ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাঁদের পরিবার, বিশেষ করে স্ত্রী ও সন্তানদের ওপর। এ কারণে সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনায় সরকারি আইন কর্মকর্তাদের বিশেষ সতর্কতা ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

বিচারপ্রার্থীদের হয়রানি না করার আহ্বান

বাণিজ্যমন্ত্রী বলেন, পিপি, জিপি, এজিপি ও এপিপিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপ্রার্থীদের বড় একটি অংশ আর্থিকভাবে অসচ্ছল। তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আইনি অবস্থান সুদৃঢ় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ বিচার পেতে গিয়ে হয়রানি ও দুর্ভোগের শিকার না হন।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয়। তবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে। এসব অপরাধের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।

সরকারি আইন কর্মকর্তা হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন যারা

সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

এ ছাড়া সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, পিপি মমিনুল ইসলাম মমিনসহ আইনজীবী ফোরামের নেতারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী সিলেট নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp