শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক রাডার ও যোগাযোগব্যবস্থায় বিভ্রাট

৪ ঘণ্টার বেশি সময় পর যুক্তরাষ্ট্রে বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট • ৫ ঘণ্টা আগে • পঠিত: ১ বার
৪ ঘণ্টার বেশি সময় পর যুক্তরাষ্ট্রে বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার
রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ জারির চার ঘণ্টার বেশি সময় পর তা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়। এর ফলে দেশটিতে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেয়। রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে সমস্যা দেখা দেওয়ায় উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয় এফএএ।

রাউটারে তথ্যের অসংগতিতে বিপর্যয়

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করায় এফএএ উড্ডয়ন বন্ধের সিদ্ধান্ত নেয়। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়েছিল এবং সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দিয়েছিল।

ডাফি বলেন, রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে।

তবে বিভ্রাটের প্রভাব কাটিয়ে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। আগামী কয়েক দিনও এর প্রভাব থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে সপ্তাহান্তের ফ্লাইটগুলোর সময়সূচিও পর্যালোচনা করা হচ্ছে।

পুরোনো নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নের দাবি

ডাফি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অনেক পুরোনো। রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে অস্থিতিশীল হয়ে পড়েছিল। এ ব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানান তিনি।

বর্তমানে দেশটির কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।

সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানান, দেশজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশের পেছনে কোনো সাইবার হামলার ঘটনা ছিল না। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

এর আগে তিনটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক থাকতে পারে। তবে ডাফি জানিয়েছেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

হাজারো ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

বিমান চলাচল বন্ধের নির্দেশের কারণে হাজার হাজার ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়। বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন বিপুলসংখ্যক যাত্রী।

নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তাঁর ফ্লাইট বাতিল হয়েছিল। শুক্রবার দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েন তিনি।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp