দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
শনিবার (১৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বদিকে সিরিক উপকূলসংলগ্ন এলাকায় দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় পরিচালিত প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করে।
তবে ড্রোনটি ঠিক কী পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এমকিউ-১ প্রিডেটর ড্রোন কী?
এমকিউ-১ প্রিডেটর যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিক্স নির্মিত একটি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন উড়োজাহাজ। মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নের সক্ষমতাসম্পন্ন এ ড্রোন মূলত নজরদারি ও সামরিক অভিযানের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এটি পরিচালনা করে মার্কিন বিমান বাহিনী।
সূত্র: মিডল ইস্ট আই, ইরনা