সিলেটে সোনালী ব্যাংকের একটি হিসাব থেকে প্রবীণ আইনজীবী ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, নিজের অজান্তেই ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে কয়েক দফায় এসব টাকা স্থানান্তর করা হয়েছে।
ভুক্তভোগী দিলীপ কুমার দাশ চৌধুরী সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ। তাঁর অ্যাকাউন্টটি সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখায়।
আইনজীবীর অভিযোগ, ঘটনার পর তিন দিন পেরিয়ে গেলেও টাকা উদ্ধারে ব্যাংক কর্তৃপক্ষ বা পুলিশের কাছ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি তিনি দেখেননি।
চেক দিতে গিয়ে ধরা পড়ে টাকা উধাওয়ের ঘটনা
ড. দিলীপ কুমার জানান, গত সোমবার (৯ নভেম্বর) ২০ হাজার টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠান তিনি। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টে কোনো টাকা নেই।
পরে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও এনপিএসবির মাধ্যমে কয়েক দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।
আইনজীবীর ভাষ্য, তাঁর কোনো ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপ নেই। তিনি কখনো ডিজিটাল লেনদেনও করেননি। এমনকি টাকা স্থানান্তরের বিষয়ে তাঁর মোবাইল ফোনে কোনো বার্তাও আসেনি।
জীবনের সব সঞ্চয় হারানোর শঙ্কা
ড. দিলীপ কুমার দাশ চৌধুরী বৃহস্পতিবার মিডিয়াকে বলেন, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ও কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত টাকা উদ্ধারে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাননি।
তিনি বলেন, আগের দিন পুলিশ তাঁর কাছে এসেছিল। তবে পুলিশ বিষয়টিকে ব্যাংকের বিষয় বলে উল্লেখ করেছে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
নিজের সঞ্চয়ের সব টাকা ওই অ্যাকাউন্টে জমা ছিল উল্লেখ করে তিনি বলেন, এই টাকা ফেরত না পেলে তাঁকে নিঃস্ব হয়ে যেতে হবে।
ব্যাংক ও পুলিশের বক্তব্য
সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম মো. ওয়ারিসুল ইসলাম বলেন, তাঁরা এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। ব্যাংকের সুনামের বিষয়টি বিবেচনায় নিয়ে শাখার পক্ষ থেকে টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এদিকে টাকা স্থানান্তরের ঘটনায় ব্যাংকের নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কোন কোন অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ডিজিটাল লেনদেনের তথ্য সংগ্রহ ও ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।