মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের কথা বিবেচনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন। কিউবা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ক্ষমতা ছাড়ার আগে দেশটির বিষয়টি ‘শেষ’ করতে চান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, কিউবার বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহার করবেন কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ক্ষমতা ছাড়ার আগে কিউবার বিষয়টি শেষ করতে চাই।’
কিউবায় সামরিক অভিযান বিবেচনায় ট্রাম্প
সাক্ষাৎকারে কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দেন ট্রাম্প। দেশটির বিরুদ্ধে ‘সপ্তাহব্যাপী অভিযান’ চালানোর বিষয়টি তিনি বিবেচনা করবেন বলেও জানান।
ট্রাম্প বলেন, কিউবায় এমন পদক্ষেপ নিতে পারলে তিনি খুশি হবেন। যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া যেসব কিউবান নাগরিক অতীতে খারাপ আচরণের শিকার হয়েছেন, তাঁদের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বাবা-মা ১৯৫৬ সালে কিউবা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, কিউবার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে রুবিওও আগ্রহী হবেন।
সাংবাদিকমাধ্যম দ্য নিউ রিপাবলিকের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে মার্কিন কংগ্রেসে রুবিওকে কিউবায় সামরিক হামলা না চালানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এমন পদক্ষেপ নেওয়া হবে না বলে নিশ্চয়তা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
জ্বালানি অবরোধে সংকটে কিউবা
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কিউবার ওপর কঠোর জ্বালানি ও তেল অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটিতে জ্বালানি সরবরাহ, অর্থনীতি ও মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে।
কিউবাগামী জ্বালানিবাহী জাহাজ এবং বায়োডিজেলের চালান মার্কিন বাহিনী আটক ও জব্দ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি বছর দেশটিতে একাধিকবার বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
ভেনেজুয়েলা ও ইরানে সামরিক অভিযানের পর নতুন ইঙ্গিত
এর আগে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করতে ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ পরিচালনা করে যুক্তরাষ্ট্র। এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান ও নৌ হামলা চালায় মার্কিন বাহিনী।
এবার কিউবা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে মার্চে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, কোনো না কোনোভাবে কিউবাকে ‘দখল করা’ একটি ‘সম্মানজনক’ বিষয় হবে।