সিলেটে ১২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ২৫০ শয্যার আরেকটি হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন এবং নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল দ্রুত চালুর পরিকল্পনাও রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, সিলেট অঞ্চলের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এ খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপাতাল
মন্ত্রী জানান, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে প্রাথমিকভাবে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।
একই বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যার আরও একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। এ ছাড়া শিশুদের চিকিৎসার জন্য সিলেটে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। আগামী বছরের বাজেটে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
দ্রুত চালুর উদ্যোগ ক্যান্সার হাসপাতাল
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। এটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসা নিতে পারবেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, শুধু নতুন হাসপাতাল নির্মাণ করলেই হবে না, বর্তমানে চালু থাকা হাসপাতালগুলোর সেবার মানও নিশ্চিত করতে হবে। ওসমানী হাসপাতালে সেবার ক্ষেত্রে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে, সেগুলো দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা
স্বাস্থ্যসেবায় রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগেই রোগ প্রতিরোধ করা বেশি কার্যকর। চিকিৎসার জন্য মানুষকে অর্থ ব্যয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক ভোগান্তিও পোহাতে হয়। তাই মানুষ যাতে অসুস্থ হওয়ার আগেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে জনস্বাস্থ্যকেন্দ্রিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
৪০ রোগীকে দেওয়া হচ্ছে এক লাখ টাকা করে
ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশেষ করে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। এতে অনেক পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়।
সরকারের পক্ষ থেকে দেওয়া এককালীন এক লাখ টাকা চিকিৎসার সম্পূর্ণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট না হলেও এটি রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, শনিবার সিলেট সদর উপজেলার ৪০ জন রোগীর ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে সরাসরি এক লাখ টাকা করে পাঠানো হচ্ছে। আগামী শুক্রবার সিলেট সিটি করপোরেশন এলাকার আরও ৫২ জন রোগীকে এ সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতা বাড়ানো হবে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী খাদিমনগরের খাদিম পাম বাগানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।