ডা. সাঈদ এনাম
ঘুমের জগৎ বড়ই রহস্যময়। কখনো কি এমন হয়েছে, স্বপ্নে দেখছেন আপনি প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছেন? পেছনে কোনো বিপদ তাড়া করছে, কিংবা কারও সঙ্গে প্রাণপণে লড়াই করছেন। কিন্তু ঘুম ভেঙে চোখ খুলতেই দেখলেন, বিছানায় আপনি একদম শান্ত ও স্থির হয়ে শুয়ে আছেন!
প্রশ্ন হলো, মস্তিষ্কের ভেতরে এত ঘটনা ঘটে গেলেও বাস্তবে আমাদের হাত-পা নড়ে না কেন?
এর পেছনে রয়েছে শরীরের এক চমৎকার প্রাকৃতিক প্রতিরক্ষাব্যবস্থা। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘রেম অ্যাটোনিয়া’ (REM Atonia)।
স্বপ্ন দেখার সময় মস্তিষ্কে কী ঘটে?
ঘুমের একটি বিশেষ পর্যায় হলো রেম স্লিপ (REM Sleep)। এর পূর্ণরূপ র্যাপিড আই মুভমেন্ট (Rapid Eye Movement)। এ পর্যায়ে আমাদের মস্তিষ্ক বেশ সক্রিয় থাকে। চোখের পাতা বন্ধ থাকলেও চোখের বল দ্রুত নড়াচড়া করে। আর অধিকাংশ জীবন্ত, বর্ণিল ও ঘটনাবহুল স্বপ্ন এই পর্যায়েই দেখা যায়।
মজার বিষয় হলো, মস্তিষ্ক যখন স্বপ্নের মধ্যে দৌড়ানো, লাফানো কিংবা আত্মরক্ষার মতো নানা অভিজ্ঞতা তৈরি করে, ঠিক তখনই শরীরের অধিকাংশ ঐচ্ছিক পেশির কার্যক্রম সাময়িকভাবে দমন করে রাখে। ফলে স্বপ্নে যত কিছুই করি না কেন, বাস্তবে শরীর সাধারণত স্থির থাকে।
যেভাবে শরীরের পেশি নিষ্ক্রিয় থাকে
এই প্রক্রিয়ার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্কের গভীরে অবস্থিত ব্রেইনস্টেম (Brainstem)। বিশেষ করে এর পন্স (Pons) অঞ্চলের স্নায়বিক কার্যক্রমের মাধ্যমে সুষুম্নাকাণ্ডে (Spinal Cord) সংকেত পৌঁছায়।
এ সময় গাবা (GABA) ও গ্লাইসিন (Glycine) নামের দুটি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার বা স্নায়ু-নিরোধক রাসায়নিক পদার্থের প্রভাবে মোটর নিউরনের কার্যক্রম দমিত হয়। ফলে হাত-পা ও শরীরের অধিকাংশ কঙ্কালপেশি সাময়িকভাবে শিথিল হয়ে পড়ে।
এ কারণেই স্বপ্নে দৌড়ানোর অভিজ্ঞতা হলেও বাস্তবে আমরা দৌড়াতে পারি না।
একবার ভাবুন তো, এই প্রাকৃতিক নিরাপত্তাব্যবস্থা না থাকলে কী ঘটতে পারত! স্বপ্নে কাউকে ঘুষি মারতে গিয়ে বাস্তবে পাশে ঘুমিয়ে থাকা মানুষটিকে আঘাত করে বসতেন। আবার স্বপ্নে দৌড়াতে গিয়ে বিছানা থেকে পড়ে গুরুতর আঘাতও পেতে পারতেন।
কখন এই নিরাপত্তাব্যবস্থায় সমস্যা দেখা দেয়?
তবে কখনো কখনো শরীরের এই স্বাভাবিক প্রতিরক্ষাব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। তখন কেউ কেউ ঘুমের মধ্যে স্বপ্নের সঙ্গে মিল রেখে হাত-পা ছোড়েন, লাথি মারেন, চিৎকার করেন, এমনকি বিছানা থেকে লাফিয়ে ওঠেন।
চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় রেম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার (REM Sleep Behavior Disorder বা RBD)।
এ ধরনের ঘটনা বারবার ঘটলে বিষয়টিকে সাধারণ স্বপ্ন ভেবে উপেক্ষা করা উচিত নয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে বলা যায়, ঘুমের মধ্যে মস্তিষ্ক যেমন বিচিত্র সব স্বপ্নের জগৎ তৈরি করে, তেমনি সেই স্বপ্নের প্রতিক্রিয়ায় শরীর যাতে অনাকাঙ্ক্ষিতভাবে নড়াচড়া না করে, সে ব্যবস্থাও করে রাখে। ঘুমের সময় মস্তিষ্ক ও শরীরের এই সমন্বয় প্রকৃতির এক বিস্ময়কর আয়োজন।
লেখক: ডা. সাঈদ এনাম
সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।