সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সিলেটের খবর পরিবহন খাতে বিভক্তি

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সোমবার থেকে, মালিক-শ্রমিকদের একাংশের বিরোধিতা

ডেস্ক রিপোর্ট • ১৫ ঘণ্টা আগে • পঠিত: ৫ বার
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সোমবার থেকে, মালিক-শ্রমিকদের একাংশের বিরোধিতা
তিন দফা দাবিতে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। তবে কর্মসূচি শুরুর আগেই এ নিয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। একটি পক্ষ কর্মবিরতি সফল করতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানালেও অন্য পক্ষ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করে এতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। পরিবহন মালিক সমিতির এক নেতাও ধর্মঘটকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট ও কদমতলীতে পৃথক সভা করে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা নিজেদের অবস্থান তুলে ধরেন। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

কর্মবিরতি সফল করার আহ্বান

শনিবার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে নিজস্ব কার্যালয়ে সভা করে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সভায় সংগঠনের নেতারা ঘোষিত কর্মসূচি সফল করতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। এতে বক্তব্য দেন কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ এবং সদস্য শেখ আজিজ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ।

সভায় নেতারা জানান, তিন দফা দাবিতে গত ৮ নভেম্বর প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছিল। এরপরও দাবিগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বরের সভায় সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়।

যেসব দাবিতে কর্মবিরতি

শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—কদমতলী টার্মিনালে দুই শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধ করা।

এ ছাড়া নগর থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর দেওয়ার দাবিও জানানো হয়েছে।

শ্রমিক নেতাদের অভিযোগ, কদমতলী টার্মিনালে দুই শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। তাঁদের দাবি, প্রাথমিক তদন্তে নেতাদের সম্পৃক্ততার প্রমাণ না মিললেও অভিযোগপত্রে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউনিয়নের প্রচার সম্পাদক হারিছ আলী বলেন, ঘোষণা অনুযায়ী সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।

কর্মসূচিতে অংশ নেবে না ট্রাক-পিকআপ মালিক-শ্রমিক ইউনিয়ন

অন্যদিকে, ঘোষিত কর্মবিরতির বিরোধিতা করে শনিবার সন্ধ্যায় কদমতলীতে নিজস্ব কার্যালয়ে সভা করে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন। সভায় সংগঠনের নেতারা জানান, সোমবারের কর্মসূচির সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই এবং তাঁরা এতে অংশ নেবেন না।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, তাঁদের বিবেচনায় ঘোষিত কর্মসূচি আদালত অবমাননার শামিল। এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

সভায় সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারেরও প্রতিবাদ জানানো হয়।

এদিকে পরিবহন মালিক সমিতি, সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ জানান, তাঁদের সংগঠন এ কর্মসূচির বিষয়ে অবগত নয়। তিনি ধর্মঘটকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই এ কর্মসূচি ডাকা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:
Facebook Twitter WhatsApp