প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবিক কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে পর্তুগালে যাত্রা শুরু করেছে ‘দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য আব্দুল আহাদকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পর্তুগালের রাজধানী লিসবনের একটি হোটেলে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি শরিফ আহসান এবং পর্তুগালে বসবাসরত দক্ষিণ সুরমার প্রবীণ ব্যক্তিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটিটি অনুমোদন করা হয়।
আহ্বায়ক আব্দুল আহাদ, সদস্যসচিব সুজন মিয়া
নবগঠিত কমিটিতে আব্দুল আহাদ আহ্বায়ক এবং মাজেদ আহমদ সামী সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ, সদস্যসচিব সুজন মিয়া এবং সদস্য সাইদুর রহমান ডালিম, রাজন আহমদ, শানুর আহমদ, উজ্জল আহমদ ও শুভ।
সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সেবুল আহমদ, অরুন দেবনাথ সাগর, রুমেল আহমদ, সৈয়দ বশর আলী, ফাহিম আহমদ ও আনোয়ার আলীসহ অনেকে। এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নের উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার
কমিটি ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
সংগঠনের নেতারা জানান, প্রবাসে বিপদগ্রস্ত, অসুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা তাঁদের অন্যতম লক্ষ্য।
একই সঙ্গে দক্ষিণ সুরমা উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। মানবিক সহায়তা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি প্রবাসী কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখতে চায় বলে জানান সংশ্লিষ্টরা।